২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের তেল নেই, তাই গ্যাসের ব্যবহারই বুঝতে হবে’

নিজেদের যা আছে, সেসব নিয়েই টি-টোয়েন্টিতে ভালো করার উপায় বের করতে হবে, বললেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 08:21 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ঘাটতির জায়গা বের করতে গেলে তালিকা লম্বা হবে অনেক। সেই গবেষণায় সময় নষ্ট করতে চান না সাকিব আল হাসান। তিনি মনোযোগ দিতে চান দলের শক্তির জায়গায়। নিজেদের যা আছে, সেসবকে আরও শানিত করে এই সংস্করণে উন্নতির পথ খুঁজতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমাগত ধুঁকতে থাকা বাংলাদেশ এশিয়া কাপের দুয়ারে এসে চেষ্টা করছে নতুন শুরুর। সাকিবকে টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরানো হয়েছে। এই সংস্করণের জন্য টেকনিক্যাল কনসালটেন্ট করে আনা হয়েছে শ্রীধরন শ্রীরামকে। অস্ট্রেলিয়া দলে ৬ বছর কাজ করা এই কোচ মূলত দলের প্রধান কোচের কাজই করবেন। আপাতত টি-টোয়েন্টির দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, টি-টোয়েন্টিতে নতুন মানসিকতা ও ধরন বয়ে আনতেই এই পরিবর্তনগুলো করা হয়েছে। সাকিব ও শ্রীরাম, দুজনেরই দায়িত্ব আগামী বিশ্বকাপ পর্যন্ত।

নেতৃত্ব পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোমবার সাকিব বললেন, বিশ্বকাপ পর্যন্ত এই সময়টা ঘিরেই আপাতত তার ভাবনা। রাতারাতি উন্নতির অসম্ভব পথে না ছুটে তিনি নিজেদের পথেই একটু একটু উন্নতির আশা করছেন।

“এখন যেটা ফোকাসের জায়গা, সেটা আগামী দুই-আড়াই মাস, এই সময়ে আমরা কতটা উন্নতি করতে পারি। আমি বলছি না যে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রিসোর্স আছে, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। এখন আমার কাছে তেল নেই। তেল দিয়ে কী করতে পারি, সেটা ভেবে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, সেটা দিয়ে কী কী কাজ করতে পারি সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ।”

“আমি বিশ্বাস করি আমরা ভালো দল। আমার যদি রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারি...যদি একবার-দুইবার-তিনবার করে দেখাতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের সে সামর্থ্য আছে। এটা হচ্ছে আমরা কতোটা ধারবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। সেটা করতে পারলে জেতা শুরু করব।”

টি-টোয়েন্টিতে সবশেষ ১৫ ম্যাচে বাংলাদেশ জিততে পেরেছে কেবল দুটি। এই সময়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজ জিততে পারেনি তারা, হেরেছে এমনকি জিম্বাবুয়ের কাছেও।

সাকিবের উন্নতির ভাবনায় অবশ্য জয় পাওয়াটাই একমাত্র মানদণ্ড নয়। তিনি চান ধারাবাহিকভাবে লড়াই করে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছতে।

“যদি হেরেও যাই, তাহলে যেন শেষ ওভারে গিয়ে হারি। প্রতিটি ম্যাচে যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। লোকে যেন বোঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে। এখনকার মতো না যে ম্যাচের আগেই হেরে যাচ্ছি বা দ্বিতীয় ইনিংসের ১০ ওভার হতে না হতেই হেরে যাচ্ছি। যতটা কাছে যাওয়া যায় প্রতিপক্ষের, যতটাই উন্নতির ছায়া থাকবে।”

এমনিতে ক্রিকেট পাগল মানুষের এই দেশে প্রত্যাশা সবসময়ই থাকে আকাশচুম্বি। তবে টি-টোয়েন্টির বাস্তবতায় অতটা আশা সমর্থকদেরও নেই বলে ধারণা সাকিবের। এটিও তিনি কাজে লাগাতে চান নিজেদের পক্ষে।

“আমি বিশ্বাস করি, মানুষ এখন আর আমাদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করে না। বিশেষ করে টি-টোয়েন্টিতে গত ১৬-১৭ বছরে তেমন কিছু করতে পারিনি। এখন টি-টোয়েন্টিটা এমন একটা জায়গায় চলে এসেছে, যেখানে অনেক ফোকাস করা যায়, ইনভেস্ট করা যায়, ধারবাহিকভাবে যেন ভালো করতে পারি, সেই চেষ্টা করা। আমি যা দেখছি, ৫-১০ বছর এই সংস্করণই গোটা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় হবে।”