Published : 03 Aug 2025, 08:07 PM
এবি ডি ভিলিয়ার্সের কাছে বয়স যেন কেবলই একটি সংখ্যা। ৪১ বছর বয়সেও সাবেকদের লিগে ব্যাট হাতে তিনি যেভাবে আলো ছড়িয়েছেন, তা মুগ্ধ করেছে ডেল স্টেইনকে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের মতে, আইপিএলে খেলা অর্ধেকের বেশি আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়ে এখনও ভালো ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের অপ্রতিরোধ্য ব্যাটেই শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তার খুনে সেঞ্চুরিতে পাকিস্তানের ১৯৫ রান ৯ উইকেট হাতে রেখে ১৯ বল আগে পেরিয়ে যায় প্রোটিয়ারা।
শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ডি ভিলিয়ার্স উপহার দেন ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস। ৭ ছক্কার সঙ্গে ১২টি চার মারেন তিনি।
টুর্নামেন্ট জুড়েই হাসে ডি ভিলিয়ার্সের ব্যাট। ফাইনালে ওঠার পথে প্রাথমিক পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১৬ রান করেছিলেন তিনি, অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৪৬ বলে ১২৩।
আসরে ছয় ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ডি ভিলিয়ার্সের রান ৪২৯। ব্যাটিং গড় ১৪৩, স্ট্রাইক রেট ২২০। গোটা আসরে ২০০ রানও করতে পারেননি আর কেউ। ম্যান অব দা ফাইনাল ও ম্যান অব দা টুর্নামেন্ট, সবই তিনি।
খেলোয়াড়ি জীবনে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ রাঙিয়েও বৈশ্বিক শিরোপার ছোঁয়া পাননি ডি ভিলিয়ার্স। দেশের হয়ে একটি ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি অবশেষে সাবেকদের ক্রিকেটে।
ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েক লাইনের একটি বার্তা দেন তার সাবেক সতীর্থ স্টেইন। সেখানে ডি ভিলিয়ার্সকে তুলনা করেন আইপিএলে খেলা ক্রিকেটারদের বেশিরভাগের সঙ্গে।
“জনপ্রিয় মতামত হোক কিংবা অজনপ্রিয়। আইপিএলে খেলা আন্তর্জাতিক ক্রিকেটারদের অর্ধেকের চেয়ে এখনও ভালো এবি (ডি ভিলিয়ার্স)। সম্ভবত এর থেকেও বেশি।”
স্টেইনের সেই পোস্টে ডি ভিলিয়ার্সকে নিয়ে প্রশংসায় মাতেন তার ভক্তরা। একজন লেখেন, “নিশ্চিতভাবেই (স্টেইনের সঙ্গে সহমত), এবির ক্লাস ও ধারাবাহিকতা অতুলনীয়। অভিজ্ঞতা অনেক বড় বিষয়।”
২০১৮ সালে স্রেফ ৩৪ বছর বয়সে যখন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেন ডি ভিলিয়ার্স, হাহাকার পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বজুড়ে। সেই আক্ষেপে যেন এখনও পুড়ছেন তার ভক্তরা।
স্টেইনের পোস্টে করা একজনের কথায় সেটাই ফুটে ওঠে, “সেরা আন্তর্জাতিক ক্রিকেটার এবি, সে খুব তাড়াতাড়ি অবসরে চলে গেছে।”
ডি ভিলিয়ার্সকে আইপিএলের ৯০ শতাংশ ক্রিকেটারের চেয়ে ভালো মনে করেন আরেক ভক্ত। স্টেইনের পোস্টে তিনি লেখেন, “অর্ধেক? ৯০ শতাংশের বেশি।”
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেন ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আরও কয়েক বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রাঙান তিনি। ২০২১ সালে পেশাদার ক্রিকেটকে একেবারে বলে দেন বিদায়।