২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেঞ্চুরি করে শান্তর উন্নতি, এগোলেন মুস্তাফিজও

ওয়ানডে ও টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের।

সেঞ্চুরি করে শান্তর উন্নতি, এগোলেন মুস্তাফিজও
নিউ জিল‍্যান্ডের বিপক্ষে চমৎকার পারফরম‍্যান্সে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রেখে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণের বোলারদের তালিকায় উন্নতি করেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার।

চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রান করেন শান্ত। এই সংস্করণে চতুর্থ সেঞ্চুরি করে ১১ ধাপ এগিয়ে তিনি আছেন ৩২তম স্থানে। ৭৬ রানের ইনিংস খেলে লিটন দাসে অগ্রগতি ১৫ ধাপ, আছেন ৬৫ নম্বরে।

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। এখানে দেশের সবার উপরে তাওহিদ হৃদয়, আগের মতোই ২৬তম স্থানে আছেন তিনি।

এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। বোলারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।

বাংলাদেশের ৫৫ রানের জয়ে ম্যাচে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন মুস্তাফিজ। ওয়ানডেতে ষষ্ঠবার পাঁচ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ১৪বার এগিয়ে এখন ৪১ নম্বরে আছেন বাঁহাতি পেসার।

উন্নতি হয়েছে আরও দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার। একটি উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন শরিফুল (২৮তম)। আর দুই উইকেট নেওয়া নাহিদের অগ্রগতি ১৬ ধাপ, আছেন ৪৮তম স্থানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। তালিকায় অষ্টম স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিরাজের। এক ধাপ এগিয়ে মোহাম্মদ নাবির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনি।

ওয়ানডে সিরিজটি কিউইদের ২-১ ব্যবধানে হারানো বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভালো শুরু করেছে। প্রথম ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। সেখানে বড় অবদান রেখেছেন হৃদয়। তাতে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি।

পঞ্চাশ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতা হৃদয় নয় ধাপ এগিয়ে এখন ৩৯তম স্থানে আছেন। পারভেজ হোসেনের অগ্রগতি হয়েছে তিন ধাপ, অবস্থান ৪০তম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের আভিশেক শার্মা। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে রাশিদ। আর অলরাউন্ডার তালিকায় চূড়ায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা।