২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের অনেক উন্নতি দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট

বিশ্বকাপের আগে বাকি ম্যাচগুলিতে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যাওয়া হবে, জানালেন শ্রীধরন শ্রীরাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 02:38 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

টি-টোয়েন্টি আর উন্নতি, বাংলাদেশের ক্রিকেটে এই দুটি শব্দ আপাত দৃষ্টিতে দুই দিকে ছুটছে বলেই মনে হয়। তবে শ্রীধরন শ্রীরাম দুটিকে পাশাপাশিই দেখছেন। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দলের অনেক উন্নতি হয়েছে বলেই মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট।

গত অগাস্টে শ্রীরাম টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ ছিটকে যায় দুই ম্যাচ হেরে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হুট করে আয়োজিত সিরিজে দুটি ম্যাচ জিততে পারলেও পারফরম্যান্সে ছিল না প্রত্যাশিত দাপট।

এরপর নিউ জিল্যান্ডে চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে যথারীতি হেরেছে বাংলাদেশ। তবে দুই ম্যাচেই পরাজয়ে প্রাপ্তির অনেক উপকরণ পেয়েছেন শ্রীরাম।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার নিশ্চিত হওয়ার পর ইয়াসির আলি চৌধুরি সাতে নেমে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর শেষ দিকে নুরুল হাসান সোহান ২ ছক্কায় করেন ১৭ বলে অপরাজিত ২৫।

নিউ জিল্যান্ড থেকে বিসিবির ভিডিও বার্তায় শ্রীরাম উল্লেখ করলেন এই দুজনের ব্যাটিংয়ের কথা। উন্নতির ছাপ দেখছেন তিনি পেস বোলিংয়েও।

“উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।”

“পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।”

পেস আক্রমণের মূল অস্ত্র যার যাওয়ার হওয়ার কথা, সেই মুস্তাফিজ নিজেকে হারিয়ে খুঁজছেন অনেক দিন ধরেই। শ্রীরাম তা এড়িয়ে গেলেন না। তবে ভরসার হাতও রাখলেন তিনি এই পেসারের কাঁধে।

“ফিজ (মুস্তাফিজ) দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত ও সাইফও তাদের সুযোগ পাবে।”

শ্রীরাম মুগ্ধতার ছবি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরে ২৯ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে খুব আদর্শ নয় এমন ব্যাটিং। তবে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।

শ্রীরাম এখন অপেক্ষায় লিটন দাস ও আফিফ হোসেনের জ্বলে ওঠার।

“শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।”

“সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।”

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে না পারলে আর দুটি ম্যাচ পাবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় খেলবে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচগুলোতেও নানা জনকে নানাভাবে পরখ করে দেখা হবে বলে জানালেন টেকনিক্যাল কনসালটেন্ট।

“আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।”