২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্কের আগুনে পুড়ল ভারতের ব্যাটিং

অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে অভিজ্ঞ পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ম্যাকসুয়েনি ও লাবুশেনের ব্যাটে শক্ত অবস্থানে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 05:58 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

ম্যাচের প্রথম ডেলিভারিটি ইয়াশাসভি জয়সওয়ালের পায়ের ওপর ফুল লেংথে করলেন মিচেল স্টার্ক। সুইং করে বলটি ছোবল দিল ব্যাটসম্যানের প্যাডে। জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। স্টার্ককে ঘিরে উল্লাসে মেতে উঠলেন সতীর্থরা। অস্ট্রেলিয়াকে এমন উপলক্ষ আরও পাঁচবার এনে দিলেন অভিজ্ঞ পেসার। তার আগুন ঝরা ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুইশও করতে পারল না ভারত।

অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টে শুক্রবার ভারতের প্রথম ইনিংস স্রেফ ১৮০ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। পরে ব্যাটিংয়ে নেমে ন্যাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। আর ৯৪ রানে পিছিয়ে তারা।

পার্থ টেস্টে স্রেফ ৩ উইকেট নেওয়া স্টার্ক এবার প্রথম ইনিংসেই জ্বলে উঠে ৪৮ রানে নেন ৬ উইকেট। ক্যারিয়ারে আরও চারবার সর্বোচ্চ ৬ উইকেট নিলেও এর চেয়ে কম রানে পাননি একবারও। ভারতের বিপক্ষে এটি তার প্রথম পাঁচ উইকেট, সব মিলিয়ে ১৫তম। 

গোলাপি বলে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ শিকার ধরলেন স্টার্ক। দুইবারের বেশি নেই অন্য কোনো বোলারের। দিবা-রাত্রির টেস্টে তার উইকেট হলো ৭২টি। ৫০ উইকেটও নেই আর কারও।

অ্যাডিলেইড ওভালের উইকেটে ছিল সবুজ ঘাসের ছোঁয়া। দিনজুড়েই সুইং, মুভমেন্ট পান পেসাররা। এদিন পড়া ১১ উইকেটের সবকটিই পেসারদের। যদিও ব্যাটিংয়ের জন্য ভয়ঙ্কর ছিল না উইকেট।  

স্টার্কের ছোবলে ব্যাটিং ধসে পড়া ভারতের ইনিংসে ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ রান আসে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে। সফরকারীদের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি কেবল একটি, দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও শুবমান গিলের ৬৯।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিল হিউজের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ম্যাচে নানা আয়োজন রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৪ সালের ২৭ নভেম্বর পরলোকে পাড়ি জমান হিউজ। গত সপ্তাহে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ইয়ান রেডপাথও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের স্মরণে ম্যাচটি কালো ব্যান্ড পরে খেলছেন স্টার্ক-কামিন্সরা।

অ্যাডিলেইডে এদিন দর্শকে ঠাসা ছিল গ্যালারি। ম্যাচের প্রথম বলে আগের টেস্টের সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে এলবিডব্লিউ করে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান স্টার্ক। এনিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট নিলেন তিনি। টেস্ট ইতিহাসে এই নজির তার চেয়ে বেশিবার নেই আর কারও। তার মতো তিনবার এই স্বাদ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্সও।

নিজের প্রথম বলে ভাগ্যের ছোঁয়ায় আর প্রতিপক্ষের ভুলে উইকেট পেতে পারতেন এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা স্কট বোল্যান্ডও। কিন্তু তিনি ‘ওভারস্টেপ’ করায় কট বিহাইন্ড হয়েও বেঁচে যান তখনও রানের খাতা খুলতে না পারা রাহুল। পরে অবশ্য রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটেই লাগেনি তার, রিভিউ না নিয়েই ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছিলেন ভারতীয় ওপেনার।

বোল্যান্ডের ওই ওভারেই আরেক দফায় জীবন পান রাহুল। এবার ভারতীয় ওপেনারের ক্যাচ স্লিপে নিতে পারেন উসমান খাওয়াজা।

বেঁচে গিয়ে শুবমান গিলকে নিয়ে প্রতিরোধ গড়েন রাহুল। দুজনের ব্যাটে আসতে থাকে রান।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে জমে ওঠা জুটি ভাঙেন স্টার্ক। বাড়তি লাফিয়ে ওঠা বলে গালিতে ম্যাকসুয়েনির চমৎকার ক্যাচে বিদায় নেন ৬ চারে ৩৭ রান করা রাহুল। স্টার্কের পরের ওভারে প্রায় একই ধরনের ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ভিরাট কোহলি। আগের টেস্টের সেঞ্চুরিয়ান ফেরেন ৭ রানে।

পরের ওভারে বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫ চারে ৩১ রান করা গিল। ৪ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম সেশন শেষ করে ভারত।

বিরতির পর বোল্যান্ডের বলে রিশাভ পান্তের কঠিন ক্যাচ মুঠোয় জমাতে পারেননি গালির ফিল্ডার ন্যাথান ম্যাকসুয়েনি। তিন বল পর, ছয়ে নামা রোহিত শার্মাকে এলবিডব্লিউ করে সেই আক্ষেপ ঘোচান বোল্যান্ড। ৩ রানে জীবন পাওয়া পান্তকে ২১ রানে ফিরিয়ে দেন প্যাট কামিন্স।

পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়াতে শুরু করেন রাভিচান্দ্রান অশ্বিন। তৃতীয় স্পেলে এসে প্রথম ওভারেই জোড়া শিকার ধরেন স্টার্ক। অশ্বিনকে ফেরানোর দুই বল পর হার্শিত রানাকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

তখন ৩০ বলে ১১ রানে খেলছিলেন নিতিশ। পরে দ্রুত রান বাড়ানো শুরু করেন তিনি। স্টার্ককে একটি ছক্কার পর বোল্যান্ডের ওভারে দুই ছক্কার সঙ্গে মারেন এক চার। কামিন্সের বলে বুমরাহর বিদায়ের পরের ওভারে নিতিশকে থামিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সপ্তম ওভারে হারাতে পারত উইকেট। কিন্তু বুমরাহর বলে অনেকটা লাফিয়েও ম্যাকসুয়েনির ক্যাচ নিতে পারেননি পান্ত। তখন ৩ রানে খেলছিলেন অস্ট্রেলিয়ার নতুন ওপেনার।

বুমরাহই অবশ্য ভারতকে এনে দেন দিনের একমাত্র সাফল্য। তার চমৎকার ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন খাওয়াজা। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ২২ ওভার কাটিয়ে দেন ম্যাকসুয়েনি ও লাবুশেন।

৬ চারে ৩৮ রানে খেলছেন ম্যাকসুয়েনি, ৩ চারে ২০ রানে অপরাজিত লাবুশেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬২ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০ (জয়সওয়াল ০, রাহুল ৩৭, গিল ৩১, কোহলি ৭, পান্ত ২১, রোহিত ৩, নিতিশ ৪২, অশ্বিন ২২, হার্শিত ০, বুমরাহ ০, সিরাজ ৪*; স্টার্ক ১৪.১-২-৪৮-৬, কামিন্স ১২-৪-৪১-২, বোল্যান্ড ১৩-০-৫৪-২, লায়ন ১-০-৬-০, মার্শ ৪-০-২৬-০)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৬/১ (খাওয়াজা ১৩, ম্যাকসুয়েনি ৩৮*, লাবুশেন ২০*; বুমরাহ ১১-৪-১৩-১, সিরাজ ১০-৩-২৯-০, হার্শিত ৮-২-১৮-০, নিতিশ ৩-১-১২-০, অশ্বিন ১-১-০-০)