২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ টিম বাস তীব্র যানজটে পড়ায় ম্যাচ শুরু হতে দেরি

সাইকেল চালিয়ে জস বাটলার, হ্যারি ব্রুকসহ কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে মাঠে যেতে দেখা গেছে।

উইন্ডিজ টিম বাস তীব্র যানজটে পড়ায় ম্যাচ শুরু হতে দেরি
হ্যারি ব্রুক (বাঁয়ে) ও শেই হোপ। ছবি: ইংল্যান্ড ক্রিকেট এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

পেরিয়ে গেছে টসের নির্ধারিত সময়। কিন্তু তখনও মাঠেই এসে পৌঁছায়নি ওয়েস্ট ইন্ডিজ দল। লন্ডনের তীব্র যানজটে যে আটকে পড়েছে তাদের টিম বাস! যার প্রভাব পড়েছে ম্যাচ শুরুর সময়েও।

অপ্রত্যাশিত এই কারণে আধঘণ্টা পিছিয়ে গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে শুরুর সময়। স্থানীয় সময় দেড়টায় শুরু হয়েছে মাঠের লড়াই।

ওভালে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় হওয়ার কথা ছিল টস। আর ম্যাচ শুরুর করার কথা ছিল একটায়। কিন্তু লন্ডনের যানজট সময়মতো মাঠে পৌঁছাতে দেয়নি ক্যারিবিয়ান দলকে। যার ফলে টস হয় ১টা ১০ মিনিটে।

টস দেরিতে হবে, বিবৃতি দিয়ে জানিয়ে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে ‘একটি দলের তীব্র যানজটে’ পড়ার কথা উল্লেখ করে তারা।

ওয়েস্ট ইন্ডিজের নামা ইসিবির বিবৃতিতে বলা না হলেও তাদের এই পরিস্থিতিতে পড়ার বিষয়টি পরিষ্কার। কারণ ওই বিবৃতি দেওয়ার সময় মাঠে অনুশীলন করছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট ইসিবি। যেখানে দেখা যায় সাইকেল চালিয়ে মাঠের দিকে যাচ্ছেন হ্যারি ব্রুক, জস বাটলার, লুক উড, সাকিব মাহমুদ ও আরেকজন।

প্রথম দুই ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজটি আগেই নিশ্চিত করা ইংলিশরা টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।