২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরের আগে নিউ জিল্যান্ডের বড় ধাক্কা

প্রথম টেস্টে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না কেন উইলিয়ামসন, শঙ্কা আছে পরের টেস্টগুলোতে খেলা নিয়েও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 10:31 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

ভারত সফরে এমনিতেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিউ জিল্যান্ডের জন্য। সেই লড়াইয়ের শুরুতে কিউইরা পাচ্ছে না বড় ভরসার আশ্রয়। চোটের কারণে প্রথম টেস্টে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। শঙ্কা আছে পরের ম্যাচগুলোতে তার খেলা নিয়েও।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পাশাপাশি এই ক্ষতও বয়ে এনেছে নিউ জিল্যান্ড। সেই সিরিজেই কুঁচকিতে টান লেগেছে উইলিয়ামসনের। দলের সঙ্গে ভারতে রওনা হতে পারেননি ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে শুরু আগামী বুধবার। 

নিউ জিল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান উইলিয়ামসন। ১০২ টেস্ট খেলে ৮ হাজার ৮৮১ রান করেছেন ৫৪.৪৮ গড়ে। সেঞ্চুরি করেছেন ৩২টি। তাদের ইতিহাসের আর কোনো ব্যাটসম্যানের ৮ হাজার রান আর ২০টি সেঞ্চুরিও নেই। 

এই রেকর্ডই তুলে ধরে উইলিয়ামসনের গুরুত্ব। তবে শুধু পরিসংখ্যানই নয়, ভারতে তাকে আরও বেশি করে প্রয়োজন স্পিন খেলায় তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণেও। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে স্পিনের সামনে যেভাবে ধুঁকেছে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ, সেখানে ভারতে উইলিয়ামসনকে না পাওয়া মানে তাদের সম্ভাবনায় বড় আঘাত। 

নিউ জিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস অবশ্য সফরের কোনো একটা পর্যায়ে উইলিয়ামসনকে পাওয়ার আশা ছাড়ছেন না।

“আমরা যে পরামর্শ পেয়েছি, তাতে কেনের (উইলিয়ামসন) সেরে উঠতে সম্ভাব্য সেরা উপায় হলো বিশ্রাম নেওয়া এবং চোটের মাত্রা যেন বেড়ে না যায়, এজন্য পুনর্বাসন চালিয়ে যাওয়া। আমরা আশাবাদী, পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, তাহলে সফরের পরের ভাগে তাকে পাওয়া যাবে।”

“সফরের শুরু থেকে কেনকে না পাওয়া অবশ্যই হতাশাজনক। তবে এটা অন্য কাউকে সুযোগ করে দিচ্ছে এই গুরুত্বপূর্ণ সিরিজে নিজেকে মেলে ধরার।”

সেই সুযোগ পেতে যাচ্ছেন মার্ক চাপম্যান। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে। এখনও পর্যন্ত ২৩ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। বেঙ্গালুরুতে টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন তিনি।

এই বেঙ্গালুরুতেই দুই বছর আগে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ৯২ ও ৪৫ রানের ইনিংস খেলেছিলেন চাপম্যান। নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে তার একটি সেঞ্চুরিও আছে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে। 

সব মিলিয়ে কিউইদের ‘এ’ দলের হয়ে চাপম্যানের ব্যাটিং গড় ৫২.৩৭। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে প্রায় ৩ হাজার রান করেছেন তিনি ৪২.৮১ গড়ে। 

ভারত সফরের জন্য নিউ জিল্যান্ডের পূর্ব ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আছে আরেকটি। মাইকেল ব্রেসওয়েল থাকছেন শুধু প্রথম টেস্টে। এরপর তিনি দেশে ফিরে যাবেন দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে। এই পেসারের বদলে পরের দুই টেস্টের দলে যোগ দেবেন লেগ স্পিনার ইশ সোধি।

সোধি ছাড়াও স্কোয়াডে স্পিনার আছেন এজাজ প্যাটেল, স্পিনিং অলরাউন্ডার আছেন মিচেল স্যান্টনার, রাচিন রাভিন্দ্রা ও গ্লেন ফিলিপস। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন চাপম্যানও।

এর সফর দিয়েই নিউ জিল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন টম ল্যাথাম। শ্রীলঙ্কা সফরের পর নেতৃত্ব ছেড়ে দেওয়া টিম সাউদি আছেন দলে। 

ভারত সফরে নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্ট পুনেতে ২৪ অক্টোবর থেকে, শেষ টেস্ট মুম্বাইয়ে ১ নভেম্বর থেকে।