২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারভেজের ১৫১ শাহাদাতের ১১৯, জুটি ২৪৬, দলের রান ৩৮০

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেন শাহাদাত হোসেন, খানিক পর তার সঙ্গী হন পারভেজ হোসেন। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 01:48 PM

Updated : 14 Mar 2024, 01:48 PM

ওপেনিংয়ে নামার সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন পারভেজ হোসেন। তার আগে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি করলেন শাহাদাত হোসেন। প্রথম উইকেটে দুজন মিলে গড়লেন আড়াইশ ছুঁইছুঁই জুটি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দুই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে শাহাদাত ও পারভেজের উদ্বোধনী জুটির সংগ্রহ ২৪৬ রান।

লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটে এর চেয়ে বড় জুটি আছে স্রেফ দুটি। ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সৌম্য সরকার ও জহুরুল ইসলামের জুটি ছিল ৩১২ রানের। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল ও লিটন কুমার দাস গড়েন ২৯২ রানের বন্ধন।


লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১১৯ রান করে শাহাদাত আউট হলে ভাঙে জুটি। দ্বিতীয় সেঞ্চুরি করা পারভেজ ছাড়িয়ে যান নিজের আগের সর্বোচ্চ ১১১ রান। শেষ পর্যন্ত তিনি থামেন ১৫১ রানে। 

প্রথম রাউন্ডের ম্যাচে শুরুটা ভালো করলেও ২৮ রানে থেমে যান শাহাদাত। পরের ম্যাচে আর ভুল করেননি তিনি। ১০ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন ১১১ বলের ইনিংস।

আগের ম্যাচে পাঁচ নম্বরে নামা পারভেজ এবার নিজের সহজাত পজিশন ওপেনিংয়ে সুযোগ পেয়ে খেলেছেন ৯ চার ও ৮ ছক্কায় ১২৯ বলের ইনিংস। 

প্রথম ওভারে বাউন্ডারি মেরে ইতিবাচক শুরু করেন শাহাদাত। পরের ওভারে সালাউদ্দিন শাকিলের বলে ৩টি চার মারেন পারভেজ। অষ্টম ওভারে জাকিরুল আহমেদের বলে ম্যাচের প্রথম ছক্কা মারেন শাহাদাত। পাওয়ার প্লেতে ৬২ রান করে প্রাইম ব্যাংক।

৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন শাহাদাত। সেখান থেকে তিন অঙ্কে যেতে খেলেন স্রেফ ৩৯ বল। সেঞ্চুরির পর আর দুটি বাউন্ডারি মারেন তিনি। আবু জায়েদের বলে মিড অনে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস।

পারভেজ ফিফটি করেন ৫৮ বলে। পরের পঞ্চাশ রান করতে বাঁহাতি ওপেনার খেলেন ৪৮ বল। এরপর ঝড় বইয়ে দেন ব্রাদার্সের বোলারদের ওপর। সেঞ্চুরি থেকে দেড়শতে যেতে তার লাগে কেবল ২২ বল। মনির হোসেনের বলে মারেন ২টি ছক্কা। সালাউদ্দিনের ওভারেও দুবার বল উড়িয়ে পাঠান সীমানায়। 

পরে ফিরতি ক্যাচ নিয়ে পারভেজকেও থামান আবু জায়েদ।

এই দুজনের পর শেখ মেহেদি হাসানের ১৭ বলে ৪৫ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে প্রাইম ব্যাংক ৪৯ ওভারে তোলে ৪ উইকেটে ৩৮০ রান।

গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে রাস্তা অবরোধ করে রাখায় তীব্র জ্যামে ব্রাদার্স ইউনিয়ন দলের মাঠে পৌঁছতে দেরি হওয়ায় ম্যাচ এক ওভার কমিয়ে দেওয়া হয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান প্রাইম ব্যাংক করতে পারত কি না, তা আর জানা হলো না এতে।

প্রাইম ব্যাংকের এই ৩৮০ রান বাংলাদেশের কোনো দলের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৮ সালে বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৩ করেছিল আবাহনী লিমিটেড। বিকেএসপিতেই ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৮৮ করেছিল প্রাইম ব্যাংক।