টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসান
ওয়ানডের অধিনায়কত্ব হারানো নাজমুল হোসেন শান্তকে এবার দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব, টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অভিজ্ঞতার দিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাইফ হাসানকে এখনও বলা যায় নবীন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে গত দুই মাসের পারফরম্যান্সে বিসিবির বড় আস্থা তিনি আদায় করে নিয়েছেন। সেটিরই প্রমাণ তাকে নেতৃত্বে নিয়ে আসা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।
সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে অন্য দুই সংস্করণেও। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। গত জুনে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছিলেন যিনি, সেই শান্তকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্করণেইর সহ-অধিনায়কের।
বিভিন্ন সিরিজে বা সফরে বাংলাদেশের সহ-অধিনায়ক থাকে না অনেক সময়ই। এটা নিয়ে নানা সময়ে সমালোচনাও হয়েছে অনেক। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ও পরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস চোটে পড়ায় নেতৃত্ব দেন জাকের আলি। তখন দলে কোনো সহ-অধিনায়ক ছিল না। জাকেরকে নেতৃত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক।
সাইফকে সহ-অধিনায়ক করায় আপাতত সংশয় দূর হলো এখানে। বাংলাদেশের হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে, বাংলাদেশ হাই পারফরম্যান্স দল, ইমার্জিং দল ও বাংলাদেশ ‘এ’ দলে তার নেতৃত্বের অভিজ্ঞতা আছে অনেক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণের অধিনায়ক লিটন।
শান্তর ব্যাপারটি দারুণ কৌতূহল জাগানিয়া। গত জুনে আচমকাই তাকে সরিয়ে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয় মিরাজকে। সেই সিদ্ধান্ত ও সিদ্ধান্তের প্রক্রিয়া, দুটি নিয়েই শান্তর অসন্তুষ্টি ছিল। পরে তিনি টেস্ট নেতৃত্বও ছেড়ে দেন। এবার আয়ারল্যান্ড সিরিজের আগে বিসিবি তাকে রাজি করায় টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে। এবার তিনি পেলেন আরেকটি দায়িত্ব। যার অধিনায়কত্বে ভরসা রাখতে পারেনি বোর্ড, তাকেই ফেরানো হলো সহ-অধিনায়কের দায়িত্বে।
ওয়ানডের মতো টেস্টের নেতৃত্বেও থাকছেন শান্ত-মিরাজ জুটি। তবে ভূমিকা এখানে ভিন্ন। ওয়ানডের অধিনায়ক মিরাজ টেস্টে থাকছেন সহ-অধিনায়কের দায়িত্বে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শেষ পর্যন্ত টেস্টের অধিনায়ক শান্ত। তার চোটে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।
