২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশ ছুঁয়ে আরও একবার ৫ উইকেট তাইজুলের

৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 04:38 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

টেস্ট অভিষেক নিয়ে নিশ্চয়ই স্বপ্নময় কিছু ছবি এঁকেছিলেন ম্যাথু ব্রিটস্কি। কিন্তু স্রেফ চার বলেই তার অভিষেক বিভীষিকায় পরিণত হলো তাইজুল ইসলামের বোলিংয়ে। দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে বাংলাদেশের বাঁহাতি স্পিনার পূর্ণ করলেন দারুণ এক মাইলফলক। একটু পর ইনিংসে ৫ উইকেটের স্বাদও পেলেন তিনি। 

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের স্বাদ পেলেন তাইজুল। এতদিন এই অর্জন ছিল কেবল সাকিব আল হাসানের। 

মাইলফলকটি ছুঁতে ৫৪ টেস্ট লেগেছিল ক্রিকেটার সাকিবের। তাইজুল সেখানে পৌঁছে গেলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের চেয়ে ৬ টেস্ট কম খেলেই। 

২০০ থেকে ৪ উইকেটের দূরত্বে এই টেস্ট শুরু করেছিলেন তাইজুল। টেস্টের প্রথম দিনে ১০৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরও বাংলাদেশ লড়াইয়ে রয়ে যায় মূলত বাঁহাতি এই স্পিনারের সৌজন্যে। হাসান মাহমুদ প্রথম উইকেট নেওয়ার পর তাইজুল একাই শিকার করেন একে একে পাঁচ উইকেট।

টার্ন করবে ভেবে বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে তার দুইশতম শিকারে পরিণত হন ব্রিটস্কি। এরপর রায়ান রিকেলটনকে থামিয়ে তিনি পূর্ণ করেন ৫ উইকেট। 

বাংলাদেশের হয়ে এই নিয়ে ১৩ বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি। ১৯ বার ৫ উইকেট নিয়ে রেকর্ড যথারীতি সাকিব আল হাসানের। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১০ বার।

২০০ উইকেটেও সাকিব ও তাইজুলের পর নিশ্চিতভাবেই পা রাখবেন মিরাজ। তাইজুলের মতো তারও এটি ৪৮তম টেস্ট। ম্যাচটি শুরু করেছেন তিনি ১৮৩ উইকেট নিয়ে। 

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। সাকিব ছিলেন বলে তবু দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি কমই। পরে মিরাজের উত্থানে আরও কমে আসে দেশের বাইরে তার সুযোগ। তবে দেশের মাঠে বরাবর তিনি বড় ভরসা। দেশের ভেলায় চেপেই তিনি মূলত এখন দুইশর তীরে তিনি। 

২০১ উইকেটের মধ্যে দেশের মাঠে ৩৪ টেস্টে তার প্রাপ্তি ১৬২ উইকেট, দেশের বাইরে ১৪ টেস্টে ৩৯টি। 

বাঁহাতি স্পিনে ২০০ উইকেট নেওয়া টেস্ট ইতিহাসের সপ্তম বোলার তাইজুল। 

৪৩৩ উইকেট নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ৩৬২ উইকেট ড্যানিয়েল ভেটোরির, ৩০৬টি রাভিন্দ্রা জাদেজার। ইংলিশ গ্রেট ডেরেক আন্ডারউড ক্যারিয়ার শেষ করেছেন ২৯৭ উইকেটে, কিংবদন্তি বিষেন সিং বেদির উইকেট ২৬৬টি। সাকিব যদি আর খেলতে না পারেন, তার ক্যারিয়ার শেষ হবে ২৪৬ উইকেট নিয়ে।