বশের লড়াই থামিয়ে কোহলির সেঞ্চুরির ম্যাচে ভারতের স্বস্তির জয়
বড় লক্ষ্য তাড়ায় নড়বড়ে শুরুর পর, মিডল ও লোয়ার অর্ডারে বেশ লড়াই করলেও পারল না দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর শেষটিতে অপরাজিত ফিফটিতে স্বরূপে ফেরার যে ইঙ্গিত দিয়েছিলেন ভিরাট কোহলি, সেটিকে যেন পূর্ণতা দিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুতে। এই তারকা ব্যাটসম্যান দুর্দান্ত সেঞ্চুরিতে নাম লেখালেন রেকর্ড বইয়ে। ভারতের বড় সংগ্রহের জবাবে নড়বড়ে শুরুর পর মিডল ও লোয়ার অর্ডারে বেশ লড়াই করল দক্ষিণ আফ্রিকা। কর্বিন বশ জাগালেন কিছুটা আশাও। শেষ পর্যন্ত অবশ্য তিনি পারলেন না।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়ে হলো ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকরা জিতল ১৭ রানে।
রাঁচিতে রোববার ৫০ ওভারে ভারত করে ৩৪৯ রান। জবাবে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে অলআউট হয় চার বল বাকি থাকতে।
দুই দল মিলিয়ে রান হয়েছে মোট ৬৮১, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে ম্যাচে যা সর্বোচ্চ। ২০১৫ সালে ওয়াংখেড়েতে সিরিজ নির্ধারণী ম্যাচের ৬৬২ রান ছিল আগের সর্বোচ্চ।
শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৮ রান। দ্বিতীয় বলে বশকে (৫১ বলে ৬৭) ফিরিয়ে জয় নিশ্চিত করেন প্রাসিধ কৃষ্ণা।
১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান কোহলি।
সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আগেই তিনি নিজের করে নিয়েছেন। ৫২তম শতকে সেটিকে আরও সমৃদ্ধ করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারকে (৫) ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরিসংখ্যা হয়ে গেছে ৮২টি। ১০০ শতক নিয়ে তার ওপরে কেবল টেন্ডুলকার।
এদিন ভারতের হয়ে ফিফটির দেখা পান সাবেক অধিনায়ক রোহিত শার্মা (৫১ বলে ৫৭) ও ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল (৫৬ বলে ৬০)।
দক্ষিণ আফ্রিকার হয়ে বশ ছাড়াও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন ম্যাথু ব্রিটস্কি (৮০ বলে ৭২) ও মার্কো ইয়ানসেন (৩৯ বলে ৭০)।
৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। পেস বোলিং অলরাউন্ডার হার্শিত রানা ৩টি ও পেসার আর্শদিপ সিং নেন ২টি উইকেট। তিন জনই রান দেন ওভারপ্রতি ছয়ের বেশি।
ভারতের শুরুটা হয়ে আরেকবার টস হার দিয়ে। ওয়ানডেতে তাদের টানা সবচেয়ে বেশি টস হারের রেকর্ড যাত্রা পৌঁছে গেছে ১৯ ম্যাচে।
ম্যাচের প্রথম বলে ইয়ানসেনকে চার মেরে শুরু করেন ইয়াশাসভি জয়সওয়াল। পরের বলে ভারত আরেকটি বাউন্ডারি পেয়ে যায়, বাই থেকে। ইয়ানসেনের পরের ওভারে ছক্কায় ওড়ান জয়ওয়াল। তবে পরের ওভারেই তার ১৬ বলে ১৮ রানের ইনিংস থেমে যায় কিপারের গ্লাভসে ধরা পড়ে।
অস্ট্রেলিয়া সফরে শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলা কোহলি এদিন শুরু করেন প্রথম বলে চার মেরে। নান্দ্রে বার্গারের ওই ওভারে আউট হয়ে পারতেন রোহিতও, কিন্তু ক্যাচ ফেলেন টনি ডি জর্জি।
২ রানে জীবন পেয়ে এগিয়ে যান রোহিত। এখন শুধু এই সংস্করণেই জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের জুটি জমে ওঠে সময় গড়ানোর সঙ্গে। পাওয়ার প্লেতে ভারত করে ১ উইকেটে ৮০ রান।
স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে পরপর দুই ছক্কা হাঁকান রোহিত। কোহলি টানা দুই ছক্কা মারেন বশকে। ফিফটি পূর্ণ করেন তিনি ৪৮ বলে। পঞ্চাশ ছুঁতে রোহিতের লাগে ৪৩ বল। ইয়ানসেনকে ছক্কায় উড়িয়ে শাহিদ আফ্রিদিকে (৩৫১( পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেন তিনি (৩৫২)।
ইয়ানসেনের পরের ওভারে রোহিতের বিদায়ে ভাঙে ১০৯ বলে ১৩৬ রানের বড় জুটি। রুতুরাজ গায়কোয়াড় ও ওয়াশিংটন সুন্দার ভালো করতে পারেননি।
৯৯ থেকে ইয়ানসেনকে চার মেরে কোহলি সেঞ্চুরি পূর্ণ করেন ১০২ বলে। পরের ওভারে সুব্রায়েনের টানা চার বলে দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। রাহুলের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে থামেন তিনি ৪৩তম ওভারে কাভারে ক্যাচ দিয়ে।
রাহুল এরপর রাভিন্দ্রা জাদেজার সঙ্গে ৩৬ বলে ৬৫ রানের বিস্ফোরক জুটিতে দলের রান নিয়ে যান সাড়ে তিনশর কাছে। শেষ দুই ওভারে ভারত হারায় তিন উইকেট। ২০ বলে ৩২ রান করেন জাদেজা।
বড় লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় ওভারে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন হার্শিত। এইডেন মার্করামকে টিকতে দেননি আর্শদিপ।
পাঁচ ওভারের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডি জর্জি ও ব্রিটস্কি। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন দুজন। ডি জর্জিকে (৩৫ বলে ৩৯) ফিরিয়ে প্রথম শিকার ধরেন কুলদিপ।
আক্রমণাত্মক শুরু করেন ডেওয়াল্ড ব্রেভিস। তবে ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান (২৮ বলে ৩৭)। তখন ১৩০ রানে ৫ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার।
ব্রেভিস থামলেও ঝড়ো ব্যাটিং থামেনি, তার পথ অনুসরণ করেন ইয়ানসেন। এই পেস বোলিং অলরাউন্ডার ফিফটি করেন স্রেফ ২৬ বলে। ব্রিটস্কি পঞ্চাশে পা রাখেন ৫৫ বলে।
দুই থিতু ব্যাটসম্যানকে একই ওভারে তিন বলের মধ্যে আউট করে ভারত শিবিরে স্বস্তি ফেরান কুলদিপ। তাদের জুটিতে আসে ৬৯ বলে ৯৭ রান।
সেখান থেকে লড়াই চালিয়ে যান বশ। প্রথমে সুব্রায়েনের সঙ্গে, এরপর বার্গারের সঙ্গে ৪২ রানের দুটি জুটি গড়েন তিনি।
নবম উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৩ বলে ৩৮ রান। শেষ ব্যাটসম্যান ওটনিয়েল বার্টমানকে দর্শক বানিয়ে রেখে একাই দলকে এগিয়ে নিয়ে যান বশ। কিন্তু অভাবনীয় কিছু শেষ পর্যন্ত তিনি করতে পারেননি।
আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ হবে রায়পুরে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৪৯/৮ (জয়সওয়াল ১৮, রোহিত ৫৭, কোহলি ১৩৫, রুতুরাজ ৮, ওয়াশিংটন ১৩, রাহুল ৬০, জাদেজা ৩২, হার্শিত ৩*, আর্শদিপ ০, কুলদিপ ০*; ইয়ানসেন ১০-০-৭৬-২, বার্গার ১০-০-৬৫-২, বশ ১০-০-৬৬-২, বার্টমান ১০-০-৬০-২, সুব্রায়েন ১০-০-৭৩-০)
দক্ষিণ আফ্রিকা: ৪৯.২ ওভারে ৩৩২ (মার্করাম ৭, রিকেলটন ০, ডি কক ০, ব্রিটস্কি ৭২, ডি জর্জি ৩৯, ব্রেভিস ৩৭, ইয়ানসেন ৭০, বশ ৬৭, সুব্রায়েন ১৭, বার্গার ১৭, বার্টমান ০*; আর্শদিপ ১০-১-৬৪-২, হার্শিত ১০-০-৬৫-৩, ওয়াশিংটন ৩-০-১৮-০, প্রাসিধ ৭.২-১-৪৮-১, কুলদিপ ১০-০-৬৮-৪, জাদেজা ৯-০-৬৬-০)
ফল: ভারত ১৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: ভিরাট কোহলি
