২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টেন্ডুলকারকে এখনও ছাড়াতে পারে কোহলি’

তবে পথটা যে বেশ কঠিন, সেটাও মনে করিয়ে দিলেন রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 10:58 PM

Updated : 19 Sep 2022, 10:58 PM

সেঞ্চুরির মালা গেঁথে যেভাবে এগোচ্ছিলেন বিরাট কোহলি তাতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবেন কী না তা নিয়ে এক সময় দারুণ চর্চা হতো। কিন্তু গত তিন বছর ধরে সেঞ্চুরিই করতে পারছিলেন না কোহলি। তাতে ওই আলোচনা থমকে হয়ে যায়। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিতে কোহলি দীর্ঘ খরা কাটানোর সেই আলোচনা নতুন করে গতি পাচ্ছে। এতে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বললেন, এখনও পূর্বসূরিকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন কোহলি। এরপর সময়ের সঙ্গে তার ব্যাটে রানের ধারাবাহিকতাও হারাতে থাকে। আলোচনা-সমালোচনা শুরু হয় তার পড়তি ফর্ম নিয়ে।

কঠিন এই সময়ে মানসিকভাবেও ভেঙে পড়েন কোহলি। এক মাসের বেশি সময়ের বিরতি নিয়ে চনমনে হয়ে এশিয়া কাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। মেলে ধরেন নিজেকে, আভাস দেন স্বরূপে ফেরার।

আফগানিস্তানের বিপক্ষে নিজের চেনা রূপে জ্বলে ওঠেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি উপহার দেওয়ার পথে খেলেন ৬১ বলে ১২২ রানের অসাধারণ ইনিংস। কাটান ১ হাজার ২০ দিনের সেঞ্চুরি খরাও।

এই ইনিংসে আন্তর্জাতিক আঙিনায় সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুই থাকা পন্টিংকে ছুঁয়ে ফেলে কোহলি। দুইজনের সেঞ্চুরিই এখন ৭১টি। ১০০ শতক নিয়ে সবার ওপরে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার।

মাঝের এই কয়েক বছরে সেঞ্চুরি না পাওয়ায় টেন্ডুলকারের রেকর্ড তাড়ার পথে অনেকটা পিছিয়ে গেছেন ৩৩ বছর বয়সী কোহলি। আইসিসি রিভিউ-তে অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং বললেন, কোহলির সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। 

“তিন বছর আগে এই প্রশ্নটা করলে বলতাম, হ্যাঁ। তবে সত্যি কথা বলতে, তার সেঞ্চুরি আসার গতি মন্থর হয়ে গেছে। আমি অবশ্য এখনও বিশ্বাস করি, (শচিনকে ছাড়িয়ে যাওয়া) তার পক্ষে সম্ভব, কোনো সন্দেহ নেই।”