২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসালাঙ্কা-মাদুশকার ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সহজ জয়

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।

আসালাঙ্কা-মাদুশকার ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সহজ জয়
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 12:37 AM

Updated : 26 Aug 2026, 10:45 AM

স্পিন সহায়ক উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগের বিপক্ষে রানের জন্য সংগ্রাম করতে হলো ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। স্পিনের ওই দাপটের মধ্যেও ওয়েস্ট ইন্ডিজকে টানলেন শেরফেইন রাদারফোর্ড ও রোস্টন চেইস। বৃষ্টি তাদের চেষ্টায় জল ঢেলে দেওয়ার পর বাজিমাত করলেন চারিথ আসালাঙ্কা ও নিশান মাদুশকা। তাদের ঝড়ো ফিফটিতে সহজেই জিতল শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে রোববার দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে আসালাঙ্কার দল। আগামী বুধবার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে।

বৃষ্টি নামার আগে ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ৩৭ ওভারে পায় ২৩২ রানের লক্ষ্য, যা সহজেই পেরিয়ে যায় দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দ্রুতই পেসারদের আক্রমণ থেকে সরিয়ে নেন আসালাঙ্কা। হাসারাঙ্গার লেগে স্পিনে বোল্ড হয়ে যান ব্র্যান্ডন কিং, আরেক ওপেনার আলিক আথানেজ হন স্টাম্পড।   

দ্রুত ফেরেন অধিনায়ক শেই হোপ। একটি করে ছক্কা ও চারে ৩৭ রান করতে ৫৮ বল খেলেন কেসি কার্টি।

রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রাদারফোর্ড ও চেইস। 

একটু সময় নেন রাদারফোর্ড, শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চেইস। তাদের জুটিতে পঞ্চাশ আসে ৫১ বলে। 

৬৪ বলে পঞ্চাশ ছুঁয়ে রানের গতি বাড়ান রাদারফোর্ড। সঙ্গ দিতে থাকেন চেইস। ৩৯তম ওভারে বৃষ্টি নামলে লম্বা সময় বন্ধ থাকে খেলা। 

তিন ছক্কা ও পাঁচ চারে ৮২ বলে ৭৪ রান করেন রাদারফোর্ড। চেইস চারটি চারে ৩৩ বলে খেলেন ৩৩ রানের ইনিংস।

আবার খেলা শুরু হলে সমাপ্তি টানা হয় সফরকারীদের ইনিংসের। লঙ্কানরা পায় ৩৭ ওভারে ২৩২ রানের লক্ষ্য।

আসালাঙ্কা ও নিশান মাদুশকার আগ্রাসী ফিফটিতে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। 

লঙ্কানদের রান তাড়ার শুরুটা অবশ্য ক্যারিবিয়ানদের জন্য আশা জাগানিয়া ছিল। আভিশকা ফার্নান্দোর পর কুসাল মেন্ডিসকে দ্রুত ফেরান আলজারি জোসেফ।

সাদিরা সামারাউইক্রামাও তিন চারে ১২ বলে ১৮ রানের ক্যামিও খেলে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। 

৪৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিলেও সেই চাপ ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাদুশকা ও আসালাঙ্কার পাল্টা আক্রমণে খেই হারিয়ে একরকম ছিটকে যায় ম্যাচ থেকে। 

ঠিক যেন এক ছন্দে খেলে যান দুই ব্যাটসম্যান। ৪৫ বলে পঞ্চাশ স্পর্শ করে তাদের জুটি, ৮৮ বলে একশ। 

ব্যক্তিগত পঞ্চাশ ছুঁতে দুইজনেরই লাগে ৪৪ বল করে! দেশের হয়ে ১০টি টেস্ট খেলা ওপেনার মাদুশকা ওয়ানডে অভিষেকে ফেরেন ৬৯ রান করে। তার ৫৪ বলের ঝড়ো ইনিংস গড়া ৭ চার ও ১ ছক্কায়। 

এরপর বেশিক্ষণ টেকেননি আসালাঙ্কা। ৭১ বলে তিন ছক্কা ও আট চারে লঙ্কা অধিনায়ক করেন ৭৭ রান। 

জানিথ লিয়ানাগেকে নিয়ে বাকিটা অনায়াসেই সারেন কামিন্দু মেন্ডিস। ২১ বলে এক ছক্কা ও তিন চারে তিনি করেন ৩০ রান। 

৪৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার গুডাকেশ মোটি। জোসেফ ২ উইকেট নেন ৩৯ রানে। 

বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর মাদুশকার সঙ্গে ১৩৭ রানের জুটি উপহার দেওয়া আসালাঙ্কা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৮.৩ ওভারে ১৮৫/৪ (আথানেজ ১০, কিং ১৪, কার্টি ৩৭, হোপ ৫, রাদারফোর্ড ৭৪*, চেইস ৩৩*; আসিথা ৪-০-২৮-০, লিয়ানাগে ৩-০-৯-০, ওয়েলালাগে ৭-০-২০-০, হাসারাঙ্গা ৬-০-১৮-২, ভ্যান্ডারসে ৮.৩-০-৪৫-১, আসালাঙ্কা ১০-০-৫৬-১)

শ্রীলঙ্কা: (৩৭ ওভারে লক্ষ্য ২৩২) ৩১.৫ ওভারে ২৩৪/৫ (মাদুশকা ৬৯, আভিশকা ৫, কুসাল মেন্ডিস ১৩, সামারাউইক্রামা ১৮, আসালাঙ্কা ৭৭, লিয়ানাগে ১৮*, কামিন্দু ৩০*; সিলস ৪.৫-০-৪৩-০, জোসেফ ৬-০-৩৯-২, মোটি ৮-০-৪৭-৩, চেইস ৬-০-৪২-০, ওয়ালশ ৪-০-৩৭-০, শেফার্ড ৩-০-২৪-০)

ফল: ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: চারিথ আসালাঙ্কা