বড় ইনিংস খেলে ‘শেষের উপলক্ষ’ রাঙাতে চান ওয়ার্নার
অস্ট্রেলিয়ান ওপেনারের বিশ্বাস, ওভালে তার নিজের ও দলের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে।
ডেভিড ওয়ার্নারের ব্যাটে ছন্দ নেই, অনেক দিন হলো। তার ফর্মহীনতা নিয়ে আলোচনাও থেমে নেই। অ্যাশেজের আগে তার দলে জায়গা পাওয়া নিয়েও ছিল প্রশ্ন, ছিল পক্ষে-বিপক্ষে মত। তবে তার প্রতি আস্থা ছিল দলের। এখন পর্যন্ত সেই প্রত্যাশার দাবি অবশ্য সেভাবে মেটাতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। ব্যর্থতার বৃত্ত ভেঙে আসছে ম্যাচে খুব করে একটা বড় ইনিংস খেলতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এক যুগের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন ওয়ার্নার। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে এই সংস্করণকে বিদায় জানাবেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার।
ওভালে বৃহস্পতিবার শুর হবে চলতি অ্যাশেজের পঞ্চম ও শেষ ম্যাচ। দেশের বাইরে এটাই হতে যাচ্ছে ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট। ম্যাচটি তাই স্বাভাবিকভাবেই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের বিশেষ কিছু। বিশেষ এই উপলক্ষটাকে বড় ইনিংস খেলে, দলকে জিতিয়ে রাঙিয়ে রাখতে চান তিনি।
ওয়ার্নারের ব্যাটে বড় ইনিংসের খরা চলছে অ্যাশেজ শুরুর আগে থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে চেনা রূপে দেখা যায়নি; প্রথম ইনিংসে ৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১ রান। এরপর অ্যাশেজের চার টেস্টে করতে পেরেছেন মোটে ২০১ রান; ফিফটি স্রেফ একটি, লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬৬।
তাই আসছে ম্যাচে ওই খরা কাটাতে পারলে হবে অসাধারণ কিছু। আর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলে তা হবে আরও দুর্দান্ত। ম্যাচের আগের দিন ২৫ টেস্ট সেঞ্চুরির মালিক ওয়ার্নার আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ওভালে ভালো কিছুই হতে যাচ্ছে তার ও দলের জন্য।
“হয়তো কিছু রান আমি কম করেছি। তবে বলতেই হবে যে গতবারের চেয়ে (২০১৯ সালের ইংল্যান্ড সফরের অ্যাশেজে) এবার আমি অনেক ভালো করেছি।”
“আমি ভালো অবস্থায় আছি, রান করতে মুখিয়ে আছি। (চলতি অ্যাশেজে) কয়েকবার আমি দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছি, আবার কখনও আউট হয়েছি সুইং ও সিম বল ছাড়তে গিয়ে, যা ব্যাটের বাইরের কানা নিয়েছিল।”
ব্যাটে বড় ইনিংসের দেখা না মিললেও তাই ওয়ার্নারের আত্মবিশ্বাসে কোনো বিরূপ প্রভাব পড়েনি। বরং ২২ গজে গিয়ে বেশ ভালো অনুভব করছেন তিনি।
“আমার মনে হচ্ছে, আমি ভালো অবস্থায় আছি, দলে অবদান রাখছি এবং ব্যাটিং ইউনিট হিসেবে, আমাদের জন্য জুটি গড়াই আসল। আর সিরিজে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা যেসব জুটি গড়েছি, তা দলগতভাবে দারুণ কাজে লেগেছে।”
টেস্ট থেকে অবসরের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বদলানোর কোনো ভাবনাও নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ার্নার।
চলতি সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জমে ওঠে অ্যাশেজের লড়াই। চতুর্থ টেস্টেও প্রথম তিন দিনের দাপুটে ক্রিকেটে জয়ের ভালো সম্ভাবনা জাগায়, ইংল্যান্ড। কিন্তু বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ, তাতে অস্ট্রেলিয়ার ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়ে যায়।
তবে ওভাবে নয়, শেষ ম্যাচটি জিতেই ট্রফি ধরে রাখার উৎসব করতে চায় তারা।
