কোচ-অধিনায়কের সঙ্গে নির্বাচকদের ‘লম্বা আলোচনার’ পর ফেরা হলো না মাহমুদউল্লাহর
অভিজ্ঞ অলরাউন্ডারকে এশিয়া কাপের দলের বাইরে রাখার আগে দীর্ঘ সময় নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
‘নিজের গল্পকে চ্যালেঞ্জ করুন’- কিছুদিন আগে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন শুরুর দিন নিজের ফেইসবুক পাতায় লেখেন মাহমুদউল্লাহ। যদি নিজের ক্যারিয়ার নিয়েই তা লিখে থাকেন, তাহলে চ্যালেঞ্জ করার সুযোগটা আপাতত পেলেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। অনেক আলোচনার পর তাকে ছাড়াই এশিয়া কাপের দল সাজাল বাংলাদেশ।
গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। তখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, তাকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। পরে ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড সিরিজ ও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও চলতে থাকে ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের ‘বিশ্রাম।’ তা শেষ হলো না এবারও।
তবে এশিয়া কাপের আগে ৩২ জনের প্রাথমিক দলে ডাকা হয় তাকে। এর কদিন আগে থেকেই তিনি শুরু করেন ব্যক্তিগত অনুশীলন। পরে দলের বাকিদের সঙ্গে ঘাম ঝরান ফিটনেস ক্যাম্পে। কিন্তু শেষ পর্যন্ত জায়গা হলো না এশিয়া কাপের ১৭ জনের দলে। আরও দীর্ঘায়িত হলো তার ফেরার অপেক্ষা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে শনিবার স্কোয়াড ঘোষণার পর মাহমুদউল্লাহকে বাইরে রাখার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
“মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলবে, কী পরিকল্পনা…। ওই চিন্তা ভাবনা করেই রিয়াদকে বাইরে রাখা হয়েছে।”
“ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি যে, অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে, টিম কীভাবে পরিচালনা করবে, সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। এরপর গেছে তিনটি সিরিজ। এবার এশিয়া কাপেও সুযোগ না পাওয়ায় ফেরার পথটা আরও কঠিনই হলো তার জন্য।
এশিয়া কাপের পরপরই ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজ। তা শেষ হতেই শুরু হবে বিশ্বকাপের তোরজোড়। ভারতে ওই বিশ্ব আসরে ৩৭ পেরোনো মাহমুদউল্লাহর ফেরা হবে কি না, তা নিয়ে পরিষ্কার বার্তা দিলেন না প্রধান নির্বাচক।
“বিশ্বকাপের দল আগে দেই, তারপর (মাহমুদউল্লাহ থাকবে কি না) জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা চলছে। এশিয়া কাপের জন্য টিম ম্যানেজমেন্ট আমাদের যে পরিকল্পনা দিয়েছে যে, বাড়তি স্পিনার নিয়ে খেলা বা সিম বোলার নিয়ে খেলা, এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। সাত-আট নম্বরে কারা খেলবে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয় এবং এশিয়া কাপের জন্য দলটা দেওয়া হয়েছে।”
‘বিশ্রাম’ পাওয়ার আগে শেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার রান ছিল ৩১, ৩২ ও ৮। এর আগে ভারতের বিপক্ষে সিরিজে রান ছিল ১৪, ৭৭ ও ২০। রান কিছু করলেও কোনো ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিল না খুব ভালো।
