টেন্ডুলকারের ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন রোহিত
৯২ রানের ইনিংস খেলার পথে অসাধারণ এক অর্জনে নাম লেখালেন রোহিত শার্মা।
আরও একটি দারুণ মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শার্মা। ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের কীর্তি গড়েছেন ভারতীয় তারকা। ভেঙে দিয়েছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ২২ বছর পুরনো রেকর্ড।
মাইলফলকটি ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিতের প্রয়োজন ছিল দুই রান। নিউ চান্ডিগাড়ে শনিবার ম্যাচের প্রথম তিন বলে তিনি কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে জেডেন সিলসকে ফ্লিক করে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।
এজন্য রোহিতের লাগল ২০২ ইনিংস; যা টেন্ডুলকারের চেয়ে ১২ ইনিংস কম। ২০০৪ সালে ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকার এই কৃতিত্ব অর্জন করেন ২১৪ ইনিংসে।
ওপেনার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান করা চতুর্থ ব্যাটসম্যান রোহিত। ভারতের দুজন ছাড়া তালিকার অন্য দুজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সানাৎ জায়াসুরিয়া। মাইলফলকটি ছুঁতে গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, জায়াসুরিয়ার ৩০৩টি।
আগের ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। আগের দুজন টেন্ডুলকার ও ভিরাট কোহলি।
ওই ম্যাচে রান তাড়ায় ৭৫ বলে ১০১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন রোহিত। আরেকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে এবার তিনি আউট হন ৯২ রানে। ৮৫ বলে ১০ চার ও তিন ছক্কায় গড়া তার ইনিংসটি।
বয়সের কারণে ভারতীয় ক্রিকেটে রোহিতকে নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না, তাকে দলে রাখা ঠিক হবে কি না, এসব প্রশ্ন ভারতীয় ক্রিকেটে যখন নিয়মিতই উচ্চারিত হচ্ছে, তখন সবশেষ চারটি ওয়ানডে ইনিংসের তিনটিতেই নব্বই ছোঁয়া ইনিংস (যার দুটি সেঞ্চুরি) খেলে জবাব দিলেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারের শুরুর দিকে রোহিত ব্যাট করতেন মিডল অর্ডারে। ২০১৩ সালের শুরু থেকে নিয়মিত ওপেন করে আসছেন তিনি।
