নেপালের ওয়ানডে দলের নেতৃত্বে ফিরলেন লামিছানে
সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের জায়গায় নেতৃত্বে ফেরানো হয়েছে এই লেগ স্পিনারকে।
ওয়ানডে দলের নেতৃত্বে বদল এনেছে নেপাল। অধিনায়কের দায়িত্বে ফেরানো হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার সান্দিপ লামিছানেকে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সোমবার এসিসি মেন’স প্রিমিয়ার কাপের জন্য দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানায়।
সীমিত ওভারের দুই সংস্করণেই দেশের সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী লামিছানে।
নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন রোহিত। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের নেতৃত্বে ৬৩ ওয়ানডের মধ্যে নেপালের জয় ৩১টিতে। ২০২২ সালে তিনি দায়িত্ব পাওয়ার আগে ১৪ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লামিছানে।
নেপালের প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বৈশ্বিক তারকা বলা যায় লামিছানেকে। বিশ্বের নানা দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও তার রেকর্ড অসাধারণ। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ড তার (৪২ ম্যাচে)। নেপালের দ্রুততম ১৫০ উইকেটের রেকর্ডও গড়েন তিনি। এখন পর্যন্ত ৭৭টি ওয়ানডে খেলে তার উইকেট ১৫৪টি।
নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তিও গড়েন লামিছানে।
মাঠের বাইরেও তিনি বিতর্কে জড়িয়েছেন নানা সময়ে। ধর্ষনের অভিযোগে নেপালে জেলে যেতে হয়েছিল তাকে, নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে। সেই অভিযোগ পরে প্রমাণিত হয়নি।
