মুলতানের ৩১৭ রান নয়, ব্রুকের প্রিয় ওয়েলিংটনের ১২৩
পূর্বের দারুণ সব ইনিংস ছাপিয়ে এটাকে বেছে নেওয়ার কারণও জানালেন ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান।
মাস দুয়েক আগেই টেস্ট ক্যারিয়ারের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি করেছিলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে দেড়শ ছুঁয়েছেন তিনি আরও তিনবার। তবে এই সবগুলোকে যেন ছাড়িয়ে গেল তার এবারের তিন অঙ্কের ইনিংসটি। ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান নিজেই বললেন, চলতি ওয়েলিংটন টেস্টের সেঞ্চুরিটিই তার সবচেয়ে প্রিয়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে শুক্রবার দলের বিপদে ব্যাট হাতে জ্বলে ওঠেন ব্রুক। পাল্টা আক্রমণে পাঁচ ছক্কা ও ১১ চারে ১১৫ বলে খেলেন ১২৩ রানের চমৎকার ইনিংস। মূলত তার সেঞ্চুরির সুবাদেই প্রথম ইনিংসে ২৮০ রান করতে পারে ইংলিশরা।
২৬ রানে ইংল্যান্ড ৩ উইকেট হারানোর পর ক্রিজে যান ব্রুক। প্রথম বলেই চার মেরে খোলেন রানের খাতা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৭ বলে পা রাখেন ফিফটিতে। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ৯১ বলে। অলি পোপকে নিয়ে গড়েন ১৭৪ রানের জুটি।
ওয়েলিংটনে গত বছরও সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন ব্রুক। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে করেছিলেন ১৮৬ রান। আর গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে খেলেছিলেন ৩১৭ রানের ইনিংস। গ্রাহাম গুচের ৩৪ বছর পর টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটসম্যান তিনি।
এবারের নিউ জিল্যান্ড সফরের প্রথম টেস্টেও সেঞ্চুরি করেন ব্রুক। ক্রাইস্টচার্চে সেই ম্যাচেও একটা সময় বিপর্যয়ে পড়েছিল তার দল, দলকে পথে ফেরাতে তিনি খেলেন ১৭১ রানের ইনিংস। তবে বাকি সব ইনিংস তার কাছে পিছিয়ে গেছে ওয়েলিংটনে এবারের সেঞ্চুরির কাছে।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্রুক বললেন, ম্যাচের পরিস্থিতি ও কন্ডিশন বিবেচনায় এই ইনিংস তার ক্যারিয়ারে এখন পছন্দ সেরা।
“আমার মনে হয়, এখন পর্যন্ত এটাই আমার প্রিয় সেঞ্চুরি। আমি ইনিংসটি খুব উপভোগ করেছি। এটা পরিস্থিতির কারণ, আমি যখন (ক্রিজে) যাই তখন আমাদের ৩ উইকেটে ২৬ রান ছিল এবং পিচে অনেক কিছু হচ্ছিল। সিম ও সুইং মিলছিল। ওই সময় আক্রমণাত্মক খেলতে পারায় এবং তাদের চাপে রাখতে পারায় আমি খুশি।”
“নিশ্চিতভাবে মুলতানের পিচ খুবই ফ্ল্যাট (ব্যাটিং সহায়ক) ছিল। ওইরকম উইকেট সহজেই কাজে লাগানো যায় এবং আউটফিল্ড এত দ্রুত ছিল যে, অনায়াসে চার হচ্ছিল। কিন্তু এখানে (ওয়েলিংটন) ম্যাচের পরিস্থিতি, উইকেট এবং আমি যেভাবে খেলেছি... আমার মনে হচ্ছিল, সত্যিই তাদেরকে অনেক চাপে রাখতে পারছি। এটা এক বিশেষ অনুভূতি। বেশিরভাগ বলই ব্যাটের মাঝখানে লাগছিল। এভাবে ব্যাটিং করতে পেরে ভালো লাগছে।”
ওয়েলিংটনের কন্ডিশন কতটা কঠিন ছিল, তার প্রমাণ মেলে স্কোরবোর্ডের দিকে তাকালেই। ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পর স্বস্তিতে নেই কিউইরাও। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ১৫ উইকেট পড়ার দিন শেষে ১৯৪ রানে এগিয়ে আছে ইংল্যান্ড।
