দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আবার এগিয়ে গেল ভারত
পেস-স্পিনের যৌথ আক্রমণে প্রোটিয়াদের ১১৭ রানে আটকে রেখে বড় জয় তুলে নিল সুরিয়াকুমার ইয়াদাভের দল।
দারুণ সুইং বোলিংয়ের প্রদর্শনীতে ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন আর্শদিপ সিং। ভারতের পেস-স্পিনের যৌথ আক্রমণে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল অল্প রানে। বড় জয়ে সিরিজে আবার এগিয়ে গেল সুরিয়াকুমার ইয়াদাভের দল।
তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ৭ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে তারা।
ধারামসালায় রোববার দক্ষিণ আফ্রিকা শেষ বলে অলআউট হয় ১১৭ রানে। দলের অর্ধেকের বেশি রান একাই করেন অধিনায়ক এইডেন মার্করাম। ৬ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল ডনোভান ফেরেইরা (২০) ও আনরিখ নরকিয়া (১২)।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ছোট লক্ষ্য ভারত পেরিয়ে যায় ২৫ বল হাতে রেখেই।
বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ ও স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে এই ম্যাচে পায়নি ভারত। ব্যক্তিগত কারণে আহমেদাবাদে ফিরে গেছেন বুমরাহ, আকসার অসুস্থ। অন্যরা দারুণ বোলিংয়ে চেপে ধরেন প্রোটিয়াদের। ছয় জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান সবাই।
চার ওভারে ১৩ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান বাঁহাতি পেসার আর্শদিপ। তার সমান ওভারে ১১ রান দিয়ে ২টি শিকার ধরেন রহস্য স্পিনার ভারুন চক্রবর্তি। দুটি করে উইকেট পান হার্শিত রানা ও কুলদিপ ইয়াদাভও।
পেস-সহায়ক উইকেট আর শিশিরের কথা মাথায় রেখে স্বাভাবিকভাবেই টস জিতে বোলিং নেয় ভারত। প্রথম ওভারে দুটি আউটসুইঙ্গারের পর, ইনসুইঙ্গারে রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করে দেন আর্শদিপ।
পরের ওভারে প্রায় একইরকম ডেলিভারিতে বাঁহাতি ওপেনার কুইন্টন ডি কককে এলবিডব্লিউ করেন হার্শিত। এই পেসারের পরের ওভারে বল স্টাম্পে টেনে আনেন ডেওয়াল্ড ব্রেভিস। ৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সপ্তম ওভারে আক্রমণে এসে ষষ্ঠ বলে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হার্দিক পান্ডিয়া। বিশ্বের প্রথম পেস বোলিং অলরাউন্ডার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ছুঁলেন তিনি।
একাদশ ওভারে কর্বিন বশের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪৪। নিয়মিত উইকেট হারানোর মাঝে এক প্রান্তে রান বাড়ান মার্করাম।
দ্বাদশ ওভারে দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম ছক্কা পায় ফেরেইরার ব্যাটে। আর্শদিপের হাতে জীবন পেয়ে পরের ওভারে বিদায় নেন তিনি। তাকে বোল্ড করে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেন ভারুন। পরের ওভারে মার্কো ইয়ানসেনকেও বোল্ড করে দেন তিনি।
ভারতের হয়ে ভারুনের (৩২) চেয়ে কম ম্যাচে উইকেট নেওয়ার ফিফটি করতে পেরেছেন কেবল কুলদিপ (৩০)।
অষ্টাদশ ওভারে হার্শিতকে দুটি ছক্কা ও একটি চার মারার পথে মার্করাম ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। পরের ওভারে তাকে থামিয়ে দ্বিতীয় শিকার ধরেন আর্শদিপ। শেষ ওভারে দুটি উইকেট নেন কুলদিপ।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন আভিশেক শার্মা। এই সংস্করণে মোট তিনবার এই নজির গড়লেন তিনি।
আভিশেকের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম পাঁচ ওভারেই ৬০ রান তুলে ফেলে ভারত। পরের ওভারে বাঁহাতি ব্যাটসম্যান বিদায় নেন মার্করামের দারুণ ক্যাচে। ৩টি করে চার ও ছক্কায় তিনি করেন ১৮ বলে ৩৫ রান।
প্রথম দুই ম্যাচে ৪ ও শূন্য রানে আউট হয়ে চাপে থাকা শুবমান গিল এবার একটু ভালো করলেও ইনিংস টেনে নিতে পারেননি (২৮ বলে ২৮)। সুরিয়াকুমার ব্যর্থ হন আরেকবার। সিরিজের তিন ম্যাচে ভারত অধিনায়কের রান ১২, ৫ ও ১২।
বাকিটা সারেন তিলাক ভার্মা (৩৪ বলে ২৬) ও শিভাব দুবে (৪ বলে ১০*)
আগামী বুধবার চতুর্থ ম্যাচ হবে লাক্ষ্ণৌতে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৭ (ডি কক ১, হেনড্রিকস ০, মার্করাম ৬১, ব্রেভিস ২, স্টাবস ৯, বশ ৪, ফেরেইরা ২০, ইয়ানসেন ২, নরকিয়া ১২, এনগিডি ২*, বার্টমান ১; আর্শদিপ ৪-০-১৩-২, হার্শিত ৪-০-৩৪-২, পান্ডিয়া ৩-০-২৩-১, ভারুন ৪-০-১১-২, দুবে ৩-০-২১-১, কুলদিপ ২-০-১২-২)
ভারত: ১৫.৫ ওভারে ১২০/৩ (আভিশেক ৩৫, গিল ২৮, তিলাক ২৬*, সুরিয়াকুমার ১২, দুবে ১০*; এনগিডি ৩-০-২৩-১, ইয়ানসেন ৩-০-২৪-১, সিপামলা ৩.৫-০-৩৪-০, বশ ৩-০-১৮-১, নরকিয়া ৩-০-১৪-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে প্রথম তিনটির পর ভারত ২-১ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: আর্শদিপ সিং
