১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সুরিয়াভানশির বিপক্ষে ‘ভুল না করার চিন্তায় ভুল করেছে’ বুমরাহ

তরুণ ব্যাটসম্যানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় তারকা পেসারের মনে কী কাজ করছিল, সেটার সম্ভাব্য একটা চিত্র তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং গ্রেট ডেল স্টেইন।

সুরিয়াভানশির বিপক্ষে ‘ভুল না করার চিন্তায় ভুল করেছে’ বুমরাহ
জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 06:24 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ম্যাচে নিজের প্রথম বল ব্যাটসম্যানের স্লটে করে বসলেন জাসপ্রিত বুমরাহ। সেটিকে ছক্কায় ওড়াতে কোনো দ্বিধাই করলেন না বৈভাব সুরিয়াভানশি। বুমরাহর মতো অভিজ্ঞ পেসারের হাত থেকে এমন ডেলিভারিকে বিরল বলছেন ডেল স্টেইন। তবে এর পেছনের একটি কারণ খুঁজে পেয়েছেন বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং গ্রেট। 

১৫ বছর বয়সেই বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছেন সুরিয়াভানশি। এরই মধ্যে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই বিস্ময় বালক। তার বিপক্ষে প্রথমবার বোলিং করতে এসে একটু বেশিই ভাবছিলেন বুমরাহ, মনে হচ্ছে স্টেইনের।

তার অনুমান, সুরিয়াভানশির বিপক্ষে কোনো ভুল করতে চাননি বুমরাহ। আর সেই ভাবনাতেই উল্টো ভুল করে ব্যাটসম্যানের স্লটে বলে করে ছক্কা হজম করে বসেন তিনি।

বুমরাহ বনাম সুরিয়াভানশি- গুয়াহাটিতে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচে ব্যক্তিগত এই দ্বৈরথ দেখার জন্য অধীর হয়ে অপেক্ষায় ছিল সবাই। দুই দুইজনের প্রথম সাক্ষাতে বলা যায় জিতলেন সুরিয়াভানশিই।

বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেয় মুম্বাই। ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমে প্রথম ওভারে স্ট্রাইক পাননি সুরিয়াভানশি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা বুমরাহকে ছক্কায় উড়িয়ে স্বাগত জানান তিনি। ওই ওভারের চতুর্থ বলে বিশ্বের সেরা পেসারদের একজনকে আরেকটি ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার।

পঞ্চম ওভারে শার্দুল ঠাকুরের বলে আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও চারটি চারে ১৬ বলে ৪০ রান করেন সুরিয়াভানশি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে সুরিয়াভানশির বিপক্ষে বুমরাহর ভাবনা নিয়ে কথা বলেন স্টেইন। বিশেষ করে প্রথম বলটি করার আগে তারকা এই পেসারের মাথায় কি কাজ করছিল, সেটার সম্ভাব‍্য একটা চিত্র তুলে ধরেন তিনি।

“আমার মনে হয় সুরিয়াভানশি ঠিক এটাই (বোলারদের চাপে ফেলার কাজ) করেছে। সত্যি বলতে, সে বোলারদের মনে এই ভয় ঢুকিয়ে দিয়েছে যে, সে বাউন্ডারি মারবে। বুমরাহর ওই (প্রথম) ডেলিভারি স্লটে ছিল। যা বুমরাহর ক্ষেত্রে খুবই বিরল। এমনকি গ্রেট বুমরাহর মনেও হয়তো এমন ভাবনা এসেছিল, ‘ভুল করা যাবে না, কারণ যদি ভুল করি, এই ছেলে (সুরিয়াভানশি) ছক্কা মেরে দেবে’।”

“আমার মনে হয়, এমন চিন্তা করলে বেশিরভাগ সময়ই ভুল হয়ে যায়। এমনকি বুমরাহকে যখন সুরিয়াভানশি ছক্কা মারল, বুমরাহ প্রায় হাসতে শুরু করে দিয়েছিল এবং হয়তো ভাবছিল, ‘জানতাম ভুল করলে এমনটা হবে।’ আর সেটাই হয়েছে।”

সুরিয়াভানশি ফিরে গেলেও শেষ পর্যন্ত খেলেন জয়সওয়াল। চার ছক্কা ও ১০ চারে ৩২ বলে ৭৭ রান করেন তিনি। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে রাজস্থান।

পরে রাজস্থানের চমৎকার বোলিংয়ে ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে আটকে যায় মুম্বাই। ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।