২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘একেবারেই হাস্যকর, এই আলোচনা বন্ধ হওয়া উচিত’, গাম্ভিরের সঙ্গে একমত নন স্টোকস

চোট পাওয়া খেলোয়াড়ের বদলি নিয়ে দুইরকম মত দিলেন ভারতের প্রধান কোচ ও ইংল্যান্ডের অধিনায়ক।

‘একেবারেই হাস্যকর, এই আলোচনা বন্ধ হওয়া উচিত’, গাম্ভিরের সঙ্গে একমত নন স্টোকস
গৌতাম গাম্ভির (বাঁয়ে) ও বেন স্টোকস। ছবি: এক্স ও রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভাঙা পা নিয়ে রিশাভ পান্তের ব্যাটিং করার পর থেকে নতুন মাত্রা পেয়েছে আলোচনাটি। টেস্ট ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলে কি তার বদলি নামানোর সুযোগ দেওয়া উচিত? ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির অন্তত তাই মনে করেন। তবে সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে একমত নন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার মতে, এতে ‘অন্যায়ভাবে’ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে দলগুলো।

সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের ফুল লেংথ বল রিভার্স সুইপ খেলার চেষ্টায় পায়ে আঘাত পান পান্ত। হাঁটতে না পারায় মাঠ ছাড়েন তিনি গল্ফ কার্টে করে। প্রাথমিক চিকিৎসার পর স্ক্যান করিয়ে চিড় ধরা পড়ে তার। সেই পা নিয়েই পরদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ব্যাটিংয়ে নেমে মূল্যবান কিছু রান করেন এই কিপার-ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকার পরও দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে ফেলে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়নি পান্তকে। তবে দলের প্রয়োজন হলে তিনি ব্যাটিংয়ে নামতেন বলেই ধারণা করা হচ্ছে।

ভারতের প্রায় জয়ের সমান ড্রয়ের পর সংবাদ সম্মেলনে গাম্ভির বলেন, এই ধরনের পরিস্থিতিতে বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দেওয়ার জন্য নিয়ম সংশোধন করা উচিত।

“অবশ্যই, আমি এর পক্ষে। যদি আম্পায়ার ও ম্যাচ রেফারি দেখেন এবং মনে করেন যে চোট গুরুতর, তাহলে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ম থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন বদলি পেতে পারেন, যদি (গুরুতর চোটের বিষয়টি) পরিষ্কার হয়। এখানে কোনো ভুল নেই, বিশেষ করে এমন একটি সিরিজে, যেখানে আগের তিনটি টেস্ট ম্যাচে এতটা লড়াই হয়েছে। কল্পনা করুন তো, যদি ১১ জনের বিপক্ষে আমাদের ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হতো, আমাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক হতো।”

পান্ত চোট পাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ডে বদলি কিপার হিসেবে কিপিং করেন ধ্রুব জুরেল। আগের টেস্টে লর্ডসেও পান্ত আঙুলে চোট পাওয়ার পর কিপিং করেছিলেন তিনি।

আইসিসির বর্তমান প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, টেস্ট ক্রিকেটে কেবল তখনই একজন খেলোয়াড়ের পুরোপুরি বদলি নামানো যায়, যদি ম্যাচ চলাকালীন তিনি কনকাশনের শিকার (মাথায় আঘাত) হন অথবা কোভিডে আক্রান্ত হন। অন্য সব চোটের ক্ষেত্রে বদলি খেলোয়াড় শুধু ফিল্ডিং করতে পারেন।

কয়েকটি বোর্ড এই বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে চোট পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর সুযোগ দেবে। তবে স্টোকস বলছেন, এই আলোচনা এখনই বন্ধ হওয়া উচিত। নিজের মতামতের পক্ষে যুক্তিও তুলে ধরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

“আমার মতে এটা একেবারেই হাস্যকর যে, চোটের বদলি নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি, এই নিয়ম কার্যকর করলে অনেক ফাঁকফোকর রয়ে যাবে। একটি ম্যাচের জন্য একাদশ বেছে নিন; চোট খেলার অংশ। কনকাশন বদলি, খেলোয়াড়ের স্বাস্থ্য, খেলোয়াড়ের সুরক্ষা, এসব আমি বুঝতে পারি। তবে চোটের বদলির আলোচনা বন্ধ হওয়া উচিত, কারণ যদি আমাকে এমআরআই স্ক্যানারে আটকান, তাহলে আমি সরাসরি অন্য কাউকে পেতে পারি।”

“যদি কাউকে এমআরআই স্ক্যানারে আটকান, তাহলে একজন বোলার দেখানোর চেষ্টা করবে, ‘ওহ হ্যাঁ, আমার হাঁটুতে কিছুটা ব্যথা আছে… আমরা অন্য একজন নতুন বোলারকে আনতে পারি।’ আমার মনে হয় এই আলোচনা বন্ধ করে দেওয়া উচিত।”