Published : 07 Nov 2025, 08:07 PM
আইপিএল অধ্যায় শেষ হয়নি মাহেন্দ্র সিং ধোনির। অন্তত আরও একটি আসরে খেলবেন ভারতের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ শুক্রবার তাদের প্রতিবেদনে লিখেছে, ২০২৬ আসরেও ধোনির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি ভিসওয়ানাথান।
ধোনির মতোই ২০০৮ সাল থেকে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছেন ভিসওয়ানাথান। ক্রিকবাজকে তিনি বলেন, “এমএস আমাদের বলেছে, আগামী মৌসুমে তাকে পাওয়া যাবে।”
গত কয়েক বছর ধরেই প্রতিবার আসর শুরুর আগে ধোনির খেলার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা চলে। চেন্নাইয়ের প্রধান নির্বাহী মনে করেন, তার মন্তব্যের পর ২০২৬ আসরে ভারতের সাবেক অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হওয়া উচিত।
গত মৌসুম ভালো কাটেনি চেন্নাইয়ের। তারা আসর শেষ করে তলানিতে থেকে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতি ধোনি নেতৃত্ব দিয়েও দলকে কক্ষপথে ফেরাতে পারেননি। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার হয়তো কোনো সফল আসর দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চান।
আইপিএলে নিজের ১৯ আসরের মধ্যে চেন্নাইয়ের হয়ে ১৭তম আসরে খেলবেন তিনি। মাঝে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় দুই মৌসুম অন্য দলে খেলেছিলেন ধোনি।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর দিয়ে যে পথ চলার শুরু, তাতে ২৪৮ ম্যাচ খেলে ৪ হাজার ৮৬৫ রান করেছেন ধোনি, দলকে পাঁচটি শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।