২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এশিয়া কাপে ফিল্ডিংয়ে ভুল করার সুযোগ নেই’

ব‍্যাটিং বা বোলিংয়ে বাজে দিন মেনে নিচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু ফিল্ডিংয়ে নয়।

দুবাই থেকে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 10:55 AM

Updated : 27 Aug 2022, 02:16 PM

অনুশীলন শুরু হতেই মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেনকে নিয়ে ফিল্ডিং নেমে পড়লেন শেন ম‍্যাকডারমট। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার এই অনুশীলন সেশনে চমৎকার কিছু ক‍্যাচ নিলেন ফিল্ডাররা, কিছু আবার ফসকে গেল হাত থেকে। যেমনটা ম্যাচেও নিয়মিত দেখা যায় বাংলাদেশের! অনেক দিন ধরেই দলের বড় দুর্ভাবনার নাম ফিল্ডিং। এবার এশিয়া কাপ থেকে সেই চক্র ভাঙার অপেক্ষায় দুবাইয়ে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার।

কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হারার পর ফিল্ডারদের কাঠগড়ায় তোলেন অধিনায়ক তামিম ইকবাল। পরে দ্বিতীয় ম‍্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর কঠোর সমালোচনা করেন ফিল্ডিংয়ের।

এশিয়া কাপে অংশ নিতে দুবাই যাওয়ার আগে ঢাকায় সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান অকপটে বলেন, বাংলাদেশ সেভাবে ভালো ফিল্ডিং দল ছিল না কখনওই। গত কয়েক বছরে অসংখ‍্যবার সেটির প্রমাণও দিয়েছে দল। গত বছর সংযুক্ত আরব আমিরাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে ক‍্যাচ হাতছাড়া করে শূন‍্য হাতে ঢাকায় ফেরে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ফিল্ডিং নিয়ে দলটির যে চিত্র, তাতে এই বিভাগ নিয়ে বাড়তি যত্ন নেওয়ারই কথা। দুবাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার জানালেন, ফিল্ডিং সমস্যা সমাধানের পথ খুঁজছেন তারা।

“ফিল্ডিং একটা ভাবনার বিষয় অবশ‍্যই। কিছু ম‍্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ক‍্যাচ ফেলেছি। গুরুত্বপূর্ণ সময়ে মিস ফিল্ডিং করেছি। একটা বড় টুর্নামেন্ট জিততে হলে, ফিল্ডিংয়ে ভালো করতেই হবে। ব‍্যাটিং, বোলিংয়ে ভালো দিন, খারাপ দিন যাবে। তবে ফিল্ডিংয়ে সব সময়ই ভালো থাকতে হবে।”

“আমি মনে করি, আমাদের দলে কয়েকজন খুব ভালো ফিল্ডার আছে। তারা কোনো কোনো সময় ভুল করে থাকে। এইখানে আসলে সেই ভুল করার অপশন থাকে না, থাকা উচিত না। অনুশীলন আমরা সব সময়ই করে থাকি, ফিল্ডিংয়ে সব সময় বাড়তি সময় দেওয়া হয়। সবাইকে নিয়ে আলাদাভাবে ফিল্ডিং অনুশীলনও করা হয়। আশা করছি, এই ম‍্যাচগুলিতে আমরা এই ভুলগুলি করব না মিস ফিল্ডিং আমরা কম করব।”

ফিল্ডিংয়ের পাশাপাশি এবারের এশিয়া কাপে বাংলাদেশের চিন্তা লেগ স্পিন সামলানো নিয়ে। আফগানিস্তান দলে আছেন রশিদ খান। বিশ্বের যে কোনো দলের জন‍্যই তিনি বড় এক হুমকি। শ্রীলঙ্কা দলে আছেন ভানিন্দু হাসারাঙ্গা। তাদের বিপক্ষে প্রস্তুতিতে সহায়তা করার জন‍্য ভারত থেকে শ্রীরাম দুই জন রিস্ট স্পিনার নিয়ে এসেছেন। সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাশার মনে করেন, এই প্রস্তুতিতে কাজ হয়ে যাওয়া উচিত।

“আমরা সবরকম চেষ্টা করছি। আপনারা দেখেছেন, আমরা নেটে কিছু স্পিনারও নিয়ে এসেছি অনুশীলন করানোর জন‍্য। রশিদ খান, ভানিন্দু হাসারাঙ্গা বিশ্ব মানের স্পিনার। তারা সবাই কিন্তু ভালো করে থাকে। ম‍্যাচ জিততে হলে তো তাদের বিপক্ষে ভালো করতে হবে। রান করতে হবে।”

“পরিকল্পনা করা হচ্ছে। যে পরিকল্পনা করি সেটা মাঠে বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। এটাই আসলে পার্থক‍্য গড়ে দেবে। এমন যে, তাদের বিপক্ষে কেউ রান করেনি। তাদের বিপক্ষে যে রান করা যাবে না, এমন নয়। সবাই ভালো বোলার। তবে আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, ম‍্যাচ জিততে চাইবেন তখন এমন বোলারের মুখোমুখি হতে হবে এবং তাদের বিপক্ষে ভালো করতে হবে।”