২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার ডলারে ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি আসছে বিপিএলে

ট্রফি ছাড়াই শুরু হয়েছে বিপিএল, দুবাইয়ের প্রতিষ্ঠানের তৈরি করা ট্রফি বিসিবির হাতে আসবে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে।

২৫ হাজার ডলারে ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি আসছে বিপিএলে
বিপিএলে এবার ছোট পরিসরে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 11:01 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বিপিএল শুরুর আগে এবার ট্রফি উন্মোচন অনুষ্ঠান ও ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন হয়নি। হবে কীভাবে, ট্রফিই যে এখনও নেই! আসর শুরুর দিনে বিপিএল গভর্নিং কাউন্সিল জানাল, দুবাইয়ের প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রফি তৈরি করা হচ্ছে। চড়া মূল্যের ট্রফিটি টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে হাতে পাবে বিসিবি। 

বরাবরের মতোই নানা অসঙ্গতি, অব্যবস্থাপনাকে সঙ্গী করে শুক্রবার শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। মাঠের লড়াই শুরু হলেও চ্যাম্পিয়ন দলের হাতে যে ট্রফিটি উঠবে, তা এখনও আলোর মুখ দেখেনি।

টুর্নামেন্ট শুরুর দিনে বিসিবি সহাসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগেরটি ট্রফি বদল করে দুটি নতুন ট্রফি আনা হচ্ছে।

“আগের ট্রফিটা তো অনেক দিন চলেছে। আমরা বদল আনতে চেয়েছি। দিস ইজ এক্সিলেন্ট ট্রফি। দুটি ট্রফি আনছি আমরা। একটি দিয়ে দেব (চ্যাম্পিয়ন দলকে), আরেকটি রেখে দেব বিসিবিতে। 

নতুন ট্রফি আনকে কেন দেরি হচ্ছে, সেটিও ব্যাখ্যা করলেন বিসিবির এই পরিচালক।

‘যে ট্রফিটা আগে ছিল, ওটা অনেক গতানুগতিক ট্রফি। ওটা বদলে নতুন একটা ট্রফি আনা হয়েছিল, তবে তা নট আপ টু দা মার্ক। সেজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই আমাদের হাতে আসবে।”

“খুব কম সময় ছিল। আগের ট্রফি যদি থাকত, তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করি, আপনাদের ভালো লাগবে। সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এটা। আমদানি করে আনছি।”

আরেক বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন পাশ থেকে যোগ করলেন, “বিপিএলের যে ট্রফিটা অর্ডার করা হয়েছে, ওটা ডায়মন্ড স্টাডেড ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফিটার দাম। ওটা পেতে আমাদের একটু দেরি হচ্ছে। তবে ট্রফিটা দেখে আপনাদের ভালো লাগবে।”

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানালেন, দুবাই থেকে আনা হচ্ছে ট্রফিটি। পরে তিনিই আবার বললেন, “আসলে দুবাইয়ের প্রতিষ্ঠান এখানেই তৈরি করছে ট্রফি।”

ট্রফি হাতে পেলে ট্রফি উন্মোচনের আয়োজন থাকবে বলে জানালেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত।