২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাবেক কোচ আফগানদের দায়িত্বে

আগামী মার্চে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে রাশিদ-গুরবাজদের সঙ্গে কাজ শুরু করবেন রিচার্ড পাইবাস।

বাংলাদেশের সাবেক কোচ আফগানদের দায়িত্বে
২০১২ সালে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর মুশফিকুর রহিমের সঙ্গে রিচার্ড পাইবাস (বাঁয়ে)। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 10:00 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। এক সময় বাংলাদেশে কাজ করা রিচার্ড পাইবাসকে দায়িত্ব দিয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে আসছে সিরিজ থেকে আফগানদের সঙ্গে যোগ দেবেন এই ইংলিশ কোচ।

৬১ বছর বয়সী পাইবাসকে নিযুক্ত করার কথা মঙ্গলবার ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান। ওই সিরিজ দিয়ে শুরু হবে আফগানদের কোচ হিসেবে পাইবাসের পথচলা।

২০১২ সালে বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন পাইবাস। এরপর ২০১৩ থেকে ২০১৯ সালে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বিভিন্ন দায়িত্বে কাজ করে তিনি। ২০১৬ সালে ক্যারিবিয়ান পুরুষ ও নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে। আর ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল ঘরে তোলে যুব বিশ্বকাপের ট্রফি।

১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন পাইবাস। তার কোচিংয়ে ওই আসরে ফাইনাল খেলেছিল পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে ভাঙে তাদের শিরোপা জয়ের স্বপ্ন।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেন পাইবাস। দুইবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের বর্ষসেরা কোচ হন তিনি।

পাকিস্তান কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাইবাস। দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার ডেল স্টেইনের সঙ্গেও কাজ করেন তিনি। স্টেইনকে আফ্রিকান ক্রিকেট ইতিহাসের সেরা পেসারদের একজন হতে সাহায্য করেন এই কোচ। 

গত নভেম্বরেই এসিবি জানিয়েছিল, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই কোচের দায়িত্বের মেয়াদ শেষ হবে ট্রটের। ২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। আফগানিস্তান তখন প্রতিভাবান আর সম্ভাবনাময় এক দল। সেই দলকে সম্ভাবনার পথ ধরে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার নেপথ্য কারিগর ট্রট।

দেড় বছরের চুক্তিতে চাকরি শুরু করে দুই দফায় বেড়ে ট্রটের মেয়াদ শেষ পর্যন্ত হয়েছে সাড়ে তিন বছর। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় দলটির সঙ্গে ট্রটের পথচলাও।

ট্রটের পর এবার আফগান ক্রিকেটকে আরও উচ্চতায় তোলার দায়িত্ব পেলেন অভিজ্ঞ কোচ পাইবাস।