২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাবরকে কোথায় ‘আক্রমণ’ করতে হবে, জানা আছে বাংলাদেশের

সিলেট টেস্টে বাবর আজম খেলবেন জেনে মুশফিক মনে করিয়ে দিলেন, বাবরকে নিয়েও দেশের মাঠে পাকিস্তান ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের কাছে।

বাবরকে কোথায় ‘আক্রমণ’ করতে হবে, জানা আছে বাংলাদেশের
সিলেট টেস্টে ফিরছেন বাবর আজম। ছবি: বিসিবি।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদের সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই হলো বাবর আজমকে নিয়ে। মিরপুর টেস্টে একদম শেষ মুহূর্তে ছিটকে পড়েছিলেন তিনি। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান সিলেটে খেলবে বলে নিশ্চিত করলেন কোচ। পাকিস্তানের শক্তি তাতে যেমন একটু বেড়ে যাচ্ছে, বাংলাদেশের চ্যালেঞ্জও তাই একটু বাড়ছে। তবে মুশফিকুর রহিম মনে করিয়ে দিলেন, বাবরকে নিয়েও দেশের মাঠে পাকিস্তান হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশের কাছে। 

মিরপুর টেস্ট শুরুর আগের দিন অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়েছিলেন বাবর। চোটের কারণে পরে সেই টেস্টে তার খেলা হয়নি।

ওই টেস্টে পাকিস্তান শেষ দিনে শেষ সেশনে হেরে যায় মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই। ৬১ টেস্টের অভিজ্ঞ বাবরের ফেরা তাই তাদের জন্য বড় স্বস্তির।

তবে পাকিস্তানের ভরসার জায়গায় আঘাত করতে প্রস্তুত বাংলাদেশ। সিলেট টেস্ট শুরুর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে মুশফিক বললেন, বাবরের জন্য পরিকল্পনা আছে তাদের। 

“তার মতো এরকম একজন বিশ্বমানের ক্রিকেটার যদি দলে থাকেন বা তাকে পাওয়া যায়, তাদের জন্য এটা অবশ্যই বড় পাওয়া। তবে আমরা যখন পাকিস্তানকে গিয়ে (২০২৪ সালে) দুটি ম্যাচে ওদেরকে হারিয়েছিলাম, তখনও সে তো দুটি টেস্টই খেলেছে। তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের কাছে।”

‘আমরা অবশ্যই জানি, কোথায় তাকে আক্রমণ করতে হবে বা কোথায় কীভাবে করতে হবে, পরিকল্পনা আছে। সব যদি আমরা বাস্তবায়ন করতে পানি, তাহলে আশা করি তাকে চাপে ফেলতে পারব এবং তাদের পুরো দলকে চাপে রাখতে পারব।”

২০২৪ সালের ওই সিরিজে চার ইনিংস মিলিয় মাত্র ৬৬ রান করতে পেরেছিলেন বাবর। তাকে দুবার আউট করেছিলেন নাহিদ রানা। এছাড়াও এক ইনিংসে তাকে শূন্যতে ফিরিয়ছিলেন শরিফুল ইসলাম। নাহিদ-শরিফুলরা খেলবেন সিলেট টেস্টেও।

মিরপুর বাবর ছিটকে পড়ার পর তার জায়গায় সুযোগ পেয়ে অভিষেকে ৬০ ও ৬৬ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ ফাজাল। এমন পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়া কঠিন। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান আজান আওয়াইস অভিষেকে করেছিলেন সেঞ্চুরি। 

বাবরকে জায়গা দিতে বাইরে যাবেন কে, এই প্রশ্নে পাকিস্তানের কোচ বললেন, “টসের পরই একাদশ জানতে পারবেন।”

একটা সমাধান হতে পারে ইমাম-উল-হাককে বাইরে রাখা। সেক্ষেত্রে আজানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন ফাজাল। মিরপুরে তিনে খেললেও মূলত তিনি ওপেনারই।