টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা
পরে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
‘ডি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দিন পর নিউ ইয়র্কে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
আগামী ১ জুন ডালাসে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এই দুই দলের সঙ্গে উগান্ডা প্রথমবারের মতো খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই পর্ব চলবে ১৮ জুন পর্যন্ত।
২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমি-ফাইনাল, পরদিন ত্রিনিদাদে দ্বিতীয়টি। ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল হবে বারবাডোজে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। এদের ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, যেখানে আছে ৫টি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২ দল যাবে সুপার এইট পর্বে- সেখানে থাকবে দুটি গ্রুপ।
একটি গ্রুপে খেলবে 'এ ১', 'বি ২', 'সি ১' ও 'ডি ২।' আরেকটি গ্রুপে থাকবে 'এ ২', 'বি ১', 'সি ২' ও 'ডি ১।' এই পর্ব চলবে ২৯ থেকে ২৪ জুন পর্যন্ত। দুটি গ্রুপের সেরা দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
ওয়েস্ট ইন্ডিজের ছয় ও যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু মিলিয়ে হবে ৫৫টি ম্যাচ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
‘সি’ গ্রুপ: নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি
‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল
‘এ’ গ্রুপের সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ‘বি’ ও ‘সি’ গ্রুপের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। কেবল ‘ডি’ গ্রুপে দলগুলো খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবচেয়ে বেশি প্রতীক্ষিত ম্যাচ দুটি হবে পরপর দুই দিনে। বারবাডোজে ৮ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শিরোপাধারী ইংল্যান্ড। পরদিন নিউ ইয়র্কে খেলবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।
