২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সেঞ্চুরিতে দেশের সবাইকে ছাড়িয়ে গেইলের কাছে তানজিদ

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে তিনটি সেঞ্চুরি করলেন তানজিদ হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 08:20 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

চেষ্টা করলে দুটি রান হতেই পারত। দ্বিতীয় রান নেওয়ার পথে অনেকটা ছুটেও এসেছিলেন জিমি নিশাম। তবে তাকে থামিয়ে স্ট্রাইকে রয়ে গেলেন তানজিদ হাসান। তখন তিনি ৯৯ রানে অপরাজিত, স্ট্রাইকে থাকা জরুরি বটে! পরের বলেই সিঙ্গল নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পোঁছে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরিতে তার নাম লেখা হয়ে গেল দারুণ এক কীর্তিতে।

বিপিএল এবার খুব ভালো কাটেনি তানজিদের। ফাইনালের আগের ১২ ম্যাচে ফিফটি করতে পেরেছিলেন স্রেফ একটি। সেরাটা জমা রেখেছিলেন যেন আসল ম্যাচটির জন্যই। চট্টগ্রাম র‌য়্যালসের বিপক্ষে ৬২ বলে ১০০ রানের ইনিংস উপহার দিলেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ৭টি।

বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা রেকর্ড। ছাড়িয়ে গেলেন তিনি দুটি করে সেঞ্চুরি করা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়কে।

বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে তানজিদের ওপরে কেবল এখন একজনই। ৫টি সেঞ্চুরি করে বিপিএলে সবার ওপরে ক্রিস গেইল।

বিপিএল ক্যারিয়ারে তানজিদের তৃতীয় সেঞ্চুরিটি বিপিএল ফাইনালের ইতিহাসেও তৃতীয় সেঞ্চুরি। তার আগে ফাইনালের মঞ্চে শতরান করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

২০১৭ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৮ ছক্কার রেকর্ড গড়ে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন গেইল। ২০১৯ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১১ ছক্কায় ৬১ বলে ১৪১ রান করেন তামিম।

ফাইনালে তো বটেই, বিপিএলের ইতিহাসেই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এই দুটি।

তানজিদকে এবার নিলামের বেশ আগেই সরাসরি চুক্তিতে দলে নেয় রাজশাহী। কিন্তু দলের আস্থার প্রতিদান দিতে পারছিলেন না সেভাবে। প্রথম সাত ইনিংসে ছুঁতে পারেননি ৩০, তিনটিতে আউট হন তিনি দু অঙ্ক ছোঁয়ার আগে। অষ্টম ম্যাচে ৪৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। 

পরের দুই ম্যাচে আবার তিনি বিদায় নেন অল্পতে। পরে প্রথম কোয়ালিফায়ারে ৪১ রান করলেও বল খেলেন ৩৭টি। দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ শুরুর পর আউট হয়ে যান ১৫ বলে ৩২ রান করে।

অবশেষে ফাইনালে আবির্ভুত হলেন তিনি চেনা চেহারায়। ওপেনিং জুটির সঙ্গী সাহিবজাদা ফারহানকে ম্লান করে ঝড়ের বেগে ছুটে পঞ্চাশে পৌঁছে যান তিনি ২৯ বলেই। এরপর একটু গতি কমে যায়। ৫৪ রানে জীবনও পান সহজ ক্যাচ দিয়ে।

পরে আরেক দফায় জীবন পান ৮৮ রানে। দুবারই বোলার ছিলেন আমির জামাল।

শেষ পর্যন্ত শতরান পূরণ করেন ৬১ বলে। আউট হয়ে যান এরপরই।

৩৯ ইনিংস খেলে বিপিএলে এলো তার এই তিন সেঞ্চুরি। গেইলের ৫ সেঞ্চুরির রেকর্ড ৫২ ইনিংস খেলে।

১১৭ ইনিংস খেলে দুটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, এবারের বিপিএলে যিনি খেলছেন না। আবার তাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাও কম। তাওহিদ হৃদয় দু্ই সেঞ্চুরি করেছেন ৬১ ইনিংস খেলে।

এছাড়াও বিপিএলে দুটি করে সেঞ্চুরি করেছেন জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, অ্যালেক্স হেলস, এভিন লুইস ও উসমান খান।