২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলার দেখে নয়, তানজিদের চেষ্টা থাকে ‘বল দেখে খেলার’

সহজাত আগ্রাসী ব্যাটিংয়ের মন্ত্রেই আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ জয় করার আশা জাতীয় দলের নতুন এই ওপেনারের।

বোলার দেখে নয়, তানজিদের চেষ্টা থাকে ‘বল দেখে খেলার’

বাংলাদেশ দলের নবীন ওপেনার তানজিদ হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 05:54 PM

Updated : 17 Aug 2023, 06:23 PM

এশিয়া কাপের আগে বাংলাদেশের অনুশীলনের প্রথম দিনের ঘটনা। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বলে দুর্দান্ত কভার ড্রাইভে চার মারলেন তানজিদ হাসান। পরে চোখধাঁধানো ফ্লিক শটে তাসকিন আহমেদকে ওড়ালেন ছক্কায়। সেদিন এই দুই পেসারের বাউন্সার, ইয়র্কারও সামলান তিনি দারুণ নিয়ন্ত্রণে। দেখে কে বলবে, জাতীয় দলে সেটিই তানজিদের প্রথম ব্যাটিং সেশন!

তানজিদের ব্যাটিংয়ের ‘ট্রেডমার্ক’ অবশ্য এটিই। বরাবরই তিনি এমন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি। জাতীয় দলে সুযোগ পেয়ে প্রথম দিনের অনুশীলনেই তাসকিন, হাসানদের সামনে দমে যাননি একটুও। তার সেই ব্যাটের সাহস প্রতিফলত হলো কণ্ঠেও। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তরুণ বাঁহাতি ওপেনার বললেন, আন্তর্জাতিক মঞ্চেও তারকা বোলারদের সামলানো নিয়ে ভয়ডর নেই তার।

বাংলাদেশের ২০২০ যুব বিশ্বকাপ জয়ের অভিযানে ১০১.২১ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেন তানজিদ। সব মিলিয়ে যুব ওয়ানডেতে তার স্ট্রাইক রেট আরও বেশি (১০২.৮২)। এই সংস্করণে অন্তত ১ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট শুধুমাত্র ভারতের শুবমান গিলের (১০৩.২৩)। এতেই ফুটে ওঠে তার ব্যাটিংয়ের ধরন।

ওই বিশ্বকাপের পর ধারাবাহিকতার অভাবে কিছুটা আড়ালে পড়ে যান তিনি। তবে চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে ৯৩.৩০ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করে আবার ফেরেন মূল স্রোতে।  গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে ১১৬.৯৯ স্ট্রাইক রেটে ১৭৯ রানের সৌজন্যে তার সামনে খুলে যায় জাতীয় দলের দুয়ার। জায়গা পেয়ে যান এশিয়া কাপের বাংলাদেশ দলে।

বড় হাতছানির সঙ্গে তানজিদের সামনে এখন চ্যালেঞ্জটাও বড়। অনূর্ধ্ব-১৯, ঘরোয়া ক্রিকেট কিংবা ইমার্জিং পর্যায়ে তিনি খেলেছেন মূলত আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অপেক্ষায় থাকা বোলারদের। কিন্তু জাতীয় দলে মূল একাদশে সুযোগ পেলে তাকে মুখোমুখি হতে হবে পরীক্ষিত সব বোলারের।

Image

কোচ হাথুরুসিংহের কাছ থেকে তানজিদ লাইসেন্স পেয়েছেন নিজের মতো করে খেলার।

তবে নিজের ব্যাটিংয়ে ধরনে তার আস্থা প্রবল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ জানালেন, চ্যালেঞ্জটা তিনি উৎরাতে চান সহজাত ব্যাটিং দিয়েই।

"আমি এই জিনিসটা (আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী বোলিং) নিয়ে চিন্তা করছি না। কোন বোলার বোলিং করছে, এটা নিয়ে আমি কখনও চিন্তিত হই না। আমি সবসময় চেষ্টা করি শুধু বল দেখে খেলার।"

“আমি কখনও এরকম (আগ্রাসী ব্যাটিংয়ের) চিন্তা নিয়ে ব্যাটিংয়ে নামি না। সবসময় ভাবনা থাকে, ইতিবাচক ক্রিকেট খেলব। অনেকে বলে, আমি অনেক আগ্রাসী ক্রিকেট খেলি। (আসলে) এমন কিছু নয়। স্রেফ স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমি নিজের শক্তিমত্তায় বিশ্বাস রাখি এবং সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করি।”

অনুশীলনের প্রথম দিনই প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের কাছ থেকে সহজাত ব্যাটিংয়ের লাইসেন্সও পেয়ে যান তানজিদ। গত কয়েক দিনে ম্যাচের আদলে অনুশীলনে সেটিই ঝালিয়ে নেন তরুণ বাঁহাতি ওপেনার।

"নির্দিষ্ট কিছু নিয়ে (জাতীয় দলের অনুশীলনে) কাজ করা হয়নি। দলে আসার পর কোচ আমাকে একটা কথাই বলেছেন, ‘তুমি এত দিন যে ভাবে খেলেছ, তোমার সহজাত খেলাটাই খেলবে।’ উনি বলেছেন যে, ‘তোমার যদি নিজ থেকে সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে।’ উনি সবসময় একটু প্রশ্ন করতে পছন্দ করেন। যাতে নিজের ভেতর থেকে সব কিছু আসে। তো এইদিক থেকে বলব, খুব ভালো।"

“(ম্যাচের আদলে অনুশীলন) আমি সত্যি অনেক উপভোগ করেছি। আমি এত দিন যেভাবে ব্যাটিং করেছি, সেভাবেই ব্যাটিং করার জন্য টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ম্যাচের আদলে অনুশীলন আমি খুব উপভোগ করেছি।”