২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় টেস্ট ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশ ‘এ’ দলের

সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচে আড়াই দিনের মধ্যেই উড়ে গেল টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদধ বাংলাদেশ ‘এ’ দল।

ছয় টেস্ট ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশ ‘এ’ দলের
অস্ট্রেলিয়ায় মুখ থুবড়ে পড়ল মাহিদুল ইসলামের অঙ্কনের নেতৃত্বে বাংলাদেশ 'এ' দল। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 11:57 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

আগের দিনের লড়াই নতুন দিনে বয়ে আনতে পারলেন না শাহাদাত হোসেন। নামের ধার-ভার অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারলেন না অন্যরাও। টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ একগাদা ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল পাত্তাই পেল না সাউথ অস্ট্রেলিয়ার কাছে। 

অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

ডারউইনে শনিবার ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল তারা স্রেফ ১১৪ রানে। 

আগের দিন বাজে শুরুর পর লড়াই করেছিলেন শাহাদাত হোসেন। শেষ বিকেলে তাকে সঙ্গ দিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরি। নতুন দিনে বেশিক্ষণ টিকতে পারেননি ছয়টি করে টেস্ট ম্যাচ খেলা দুই ব্যাটসম্যানের কেউই।

৪২ রানে দিন শুরু করা শাহাদাত বিদায় নেন আর ৭ রান যোগ করে। একটু পর তাকে অনুসরণ করেন ইয়াসিরও (৩৬)।

এরপর নাঈম হাসানকে নিয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। তবে এই দুজনও থিতু হয়ে বড় করতে পারেননি ইনিংস। 

২৫ রানে বিদায় নেন নাঈম। ৩ চার ও ১ ছক্কায় মাহিদুল করেন ৩২।

লোয়ার অর্ডারে রিপন মন্ডল ও এনামুল হক রানের দেখাই পাননি। এরপর বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ব্যাট হাতে লড়াই করে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা জাগান কিছুটা। শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তিনি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে। তবে শেষ রক্ষা হয়নি। ৪২ রানে মুরাদের বিদায়ে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দলের এবারের অস্ট্রেলিয়া সফর এতে শেষ হলো হতাশায়। এই চার দিনের ম্যাচের আগে টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয় তারা। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১১৪ 

সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮০ 

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৮৩.৩ ওভারে ২৫৪ (আগের দিন ১০৬/৩) (শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মাহিদুল ৩২, নাঈম ২৫, মুরাদ ৪২, রিপন ০, এনামুল ০, হাসান ৯*; বাকিংহ্যাম ১৭-১-৫২-৩, অ্যাগার ২০-৪-৫৬-২, জ্যাকবস ১৪-৩-৩৫-২, থর্নটন ১৩-৩-২৫-২, ওয়াদিয়া ১৯-৩-৭৭-১)।

ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী।