২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগ-গৌরব মাখা আয়োজনে শততম টেস্টে মুশফিককে সম্মান

মুশফিকের এই মাইলফলক যেন গোটা দেশে ক্রিকেটেরই অর্জন, বিশেষ দিনে বিশেষ আয়োজনে তাকে সম্মান জানাল বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

সকালের মিরপুরে রোদের তেজ তখনও খুব তীব্র নয়। কিন্তু ক্রিকেট–উন্মাদনার তাপ ততক্ষণে ঠিকই ছড়িয়ে পড়তে শুরু করেছে স্টেডিয়ামের চারপাশে। শুধু বাংলাদেশের ম্যাচ বা টেস্ট ম্যাচের সকাল বলেই নয়। এই দিনটি আলাদা, এই সকালটি ভিন্ন। মুশফিকুর রহিমের শততম টেস্ট, বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটারের টেস্ট খেলার সেঞ্চুরি ছোঁয়ার দিন। এমন সকালে কী আর ঘুমিয়ে থাকা যায়!

সকালের আড়মোড়া ভেঙে ক্রিকেটপ্রেমীরা হাজির হয়েছেন স্টেডিয়ামের প্রবেশদ্বারে। কারও হাতে প্ল্যাকার্ড, কারও মুখে গর্বের হাসি। মুশফিককে নিয়েই যেন তাদের প্রত্যেকের গল্প, প্রত্যেকের আবেগ।

সাড়ে আটটা বাজতেই স্টেডিয়ামের বাইরে দেখা মিলল ‍মুশফিকুর রহিম ফ্যানক্লাবের। ব্যানার হাতে ছুটে আসা দলটা ৩ নম্বর গেটে ঢোকার মুখে দাড়িয়ে। দেশের নানা প্রান্ত থেকে আসা এই দলটার সবার চোখেমুখে যেন উৎসবের আলো। ভোলার নাজমুল আহসান ইভান বলছিলেন, ২০০৫ সালে অভিষেকের সময় থেকেই তিনি মুশফিককে অনুসরণ করে আসছেন। এই দিনটা তাই তার নিজেরও এক ধরনের মাইলফলক।

“আমরা মুশফিকের ভক্ত। এটা কেবল তার দিন নয়, আমাদেরও গর্বের দিন”—ইভানের কণ্ঠেই ছিল সেই বহু বছরের আবেগের সুর

ঠিক তার পাশেই দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জের নাঈমের চোখে মুশফিক শুধু ক্রিকেটার নন, জীবন্ত কিংবদন্তি। এই অর্জনকে প্রতিটি ঘামঝরানো সকাল আর সন্ধ্যার লড়াইয়ের প্রতিফলন বলেই মনে করেন তিনি।

গাজীপুরের টঙ্গী থেকে ছুটে আসা মুশফিকুর মাসুদ তো যেন সকাল থেকেই প্রস্তুত ছিলেন, “আজ সারাদিন গ্যালারি শুধু এক নামেই মুখরিত থাকবে।”

সকাল পৌনে নয়টার দিকে সাদা একটি পাজেরো স্টেডিয়ামের সামনে থামল। গাড়ী থেকে নামলেন মুশফিকের বাবা মাহবুব হামিদ, মা তারা বেগম, স্ত্রী জান্নাতুল কিফায়াত, ছেলে মায়ান ও দুই বছরের মেয়ে সেহার। ছেলেবেলা থেকে একজন ক্রিকেটারের বেড়ে ওঠা, জাতীয় দলে জায়গা করে নেওয়া, ১০০ টেস্টের দীর্ঘ অভিযান, এই পথচলায় পরিবারের সদস্যদের ত্যাগ ও প্রেরণাও তো কম নয়। মুশফিকের সঙ্গে এই ভ্রমণের সঙ্গী তারাও। বিশেষ দিনটিতে তাদের উপস্থিতিও উপলক্ষটাকে করে তুলল ঝলমলে ও আবেগময়।

পরিবারের সদস্যরা মাঠে ঢুকে যান আগেই। মুশফিক ড্রেসিং রুম থেকে বেরিয়ে হাসিমুখে এগিয়ে যান তাদের দিকে। জড়িয়ে ধরেন ছেলে মায়ানকে। কোলে তুলে নেন মেয়েকে। পরে আনুষ্ঠানিকতার নানা পর্বেও মেয়েকে সঙ্গেই রেখেছিলেন তিনি।

ছিলেন সেখানে সাবেক অধিনায়ক ও অনেক লড়াইয়ে সহচর মাহমুদউল্লাহ, যিনি মুশফিকের পরিবারের সদস্যও।

মাঠে তখন পুরোনো স্মৃতিরাও ফিরে এসেছে। লর্ডসে তার সেই অভিষেক টেস্ট স্কোয়াডের কয়েকজন— হাবিবুল বাশার, আনোয়ার হোসেন মনির, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস ও তালহা জুবায়ের। মুশফিকের অভিষেকের সঙ্গী সবার গায়ে ছিল বিশেষ পোলো শার্ট।

বিসিবি আগের দিন যে আয়োজনের কথা বলেছিল, সময়মতোই শুরু হয় তা। সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার আতহার আলি খান। মঞ্চের কেন্দ্রে ধীরে ধীরে এগিয়ে এলেন মুশফিক। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস হাতে ধরে মাঠে নিয়ে এলেন পরিবারকে।

২০ বছর আগে মুশফিকের অভিষেকের সেই রোমাঞ্চকে শততম টেস্টের আবেগের স্রোতে বয়ে এনে শুরু হয়ে আনুষ্ঠানিকতা। তার হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার। দুই দশক আগে লর্ডসের ড্রেসিংরুমে যে হাত প্রথম টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিল তাকে, সেই হাত ধরেই আবার শততম টেস্টে বিশেষ ক্যাপ উঠল তার মাথায়। একটা বৃত্ত যেন পূর্ণ হলো।

এরপর মুশফিকের হাতে স্মারক ক্যাপ তুলে দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন তুলে দিলেন বিশেষ ক্রেস্ট। প্রথম টেস্টের অধিনায়ক বাশার আর শততম টেস্টের অধিনায়ক শান্ত মিলে তুলে দিলেন সতীর্থদের স্বাক্ষর করা জার্সি।

আনুষ্ঠানিকতার পর্বে আয়ারল্যান্ড দলের কোনো ভূমিকা না থাকলেও পুরো আয়োজন পূর্ণতা দেয় আইরিশ ক্রিকেটারদের উপস্থিতিও। মাঠে না থাকলেও গ্যালারিতে ছিলেন নারী জাতীয় দলের ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানাকে সেখানে দেখা যায়নি, তবে ছিলেন অন্য প্রায় সবাই।

এরপর ছোট্ট বক্তৃতাপর্ব।  নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ফুটে উঠল যেন তার দল আর গোটা দেশের ক্রিকেট অনুসারীদের কথাগুলিই।

“‘শুরুতে ধন্যবাদ দিতে চাই আপনার এই অর্জনের জন্য, সেই সঙ্গে আপনার পরিবারকেও, যারা আপনার পাশে ছিল। আমরা খুবই গর্বিত, আপনি আমাদের সঙ্গে এতদিন ধরে খেলছেন, খেলা উপভোগ করছেন। আমরা আপনার মতো খেলার চেষ্টা করি। আপনাকে অনুসরণ করতে চাই সবসময়। ছেলেবেলা থেকেই আপনার খেলা দেখেছি। সবসময় আপনার কাছ থেকে অনুপ্রেরণা খুঁজি।”

“আশা করব, আপনি আমাদের সঙ্গে খেলা চালিয়ে যাবেন। আপনি যেভাবে কঠোর পরিশ্রম করেন মাঠে ও মাঠের বাইরে, সবাই আলোচনা করে আপনার কঠোর পরিশ্রম নিয়ে, উন্মাদনা নিয়ে। আপনি সবসময় দলের জন্য খেলেন, দল নিয়ে চিন্তা করেন। কখনও নিজের জন্য ক্রিকেট খেলেননি। সবসময় চিন্তা করেছেন, কীভাবে টেস্ট দল এগিয়ে যাবে। এটা আমাদের সবার জন্যই অনুপ্রেরণার, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য।”

সবশেষে মুশফিকের পালা। মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে তার চোখেমুখে আবেগ ও তৃপ্তির ছাপ, কণ্ঠে কৃতজ্ঞতা।

‘‘সবাইকে ধন্যবাদ এই দারুণ সুযোগটির জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা আজকে উপস্থিত হয়েছেন। আমার পুরো পরিবার, আমার বাবা-মা, বিশেষ করে আমার স্ত্রী, যে অনেক ত্যাগ স্বীকার করেছে, কাটিয়েছে অনেক নির্ঘুম রাত। দলের সবাই, কোচ, বন্ধুবান্ধবসহ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। আমি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্চ্ছি।”

“আমি চেষ্টা করি শতভাগ দেওয়ার, যেটা আমি সবসময় করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য। আশা করি, দারুণ একটি টেস্ট ম্যাচ দিয়ে আমরা উপলক্ষ উদযাপন করব।’’

এই পুরো আয়োজন কেবল একজন ক্রিকেটারের অর্জন উদযাপন নয়, এটা ছিল বাংলাদেশের ক্রিকেটে টিকে থাকা, লড়াই করে এগিয়ে যাওয়া, প্রতিটি ছোট-বড় ব্যর্থতা পেরিয়ে সামনে ছুটে যাওয়ার গল্প। আর সেই গল্পের নাম—মুশফিকুর রহিম।