২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুশাঙ্কার হ্যাটট্রিকের ম্যাচে শাস্তি পেল পুরো শ্রীলঙ্কা দল

ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের।

মাদুশাঙ্কার হ্যাটট্রিকের ম্যাচে শাস্তি পেল পুরো শ্রীলঙ্কা দল
শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা দল। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে দারুণ এক জয় পাওয়ার পর এবার দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি রোববার এই শাস্তির কথা জানায়। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবারের ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে লঙ্কানরা।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

ভুল স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

হারারেতে রোমাঞ্চকর প্রথম ওয়ানডে ৭ রানে জেতে শ্রীলঙ্কা। ২৯৮ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়েকে থামিয়ে দেয় তারা ২৯১ রানে। যার সবচেয়ে বড় কৃতিত্ব মাদুশাঙ্কার।

শেষ ওভারে স্বাগতিকদের যখন প্রয়োজন ১০ রান, দুর্দান্ত বোলিং করেন তিনি। ৯২ রান করা সিকান্দার রাজাসহ প্রথম তিন বলে তিন শিকার ধরে করেন হ্যাটট্রিক। ওয়ানডেতে শ্রীলঙ্কার অষ্টম বোলার হিসেবে এই স্বাদ পান তিনি।

একই মাঠে দুই দলের দ্বিতীয় ওয়ানডে রোববার।