হারের হতাশার মাঝে শাস্তি পেলেন খুররাম-আব্বাস
পাকিস্তানের দুই পেসারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের দুই পেসার খুররাম শাহজাদ ও মোহাম্মাদ আব্বাস। আর্থিক জরিমানা করা হয়েছে খুররামকে, আর আব্বাসকে করা হয়েছে তিরস্কার।
দুইজনই আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ব্যাটসম্যানকে আউটের পর এমন ভাষার ব্যবহার, অঙ্গভঙ্গি কিংবা কাজ করা যেগুলো ওই ব্যাটসম্যানকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উসকে দিতে পারে।’
এই অপরাধে খুররামকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার ও আব্বাসের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে শেই হোপকে আউট করার পর, তার সামনে গিয়ে আক্রমণাত্মক উদযাপন করেন খুররাম। আর ওই ইনিংসে ক্যারিবিয়ানদের শেষ উইকেট জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে একই ধরনের উদযাপন করেন আব্বাস।
ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন খুররাম ও আব্বাস। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ত্রিনিদাদে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি ৯০ রানে হেরে যায় পাকিস্তান। ২১১ রান তাড়ায় ১২০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী রোববার, পোর্ট অব স্পেনে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
