২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল এবার শুরুর আগেই টালমাটাল

সময় বাড়ানোর পরও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পুরোপুরি জমা দেয়নি একটি ফ্র্যাঞ্চাইজিও, নিলামের তারিখও পেছানো হয়েছে আরেক দফায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 08:57 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

প্রতিবারই বিপিএল শুরুর পর নানা অনিয়ম দেখা যায়, অনেক অভিযোগ ওঠে। এবার টুর্নামেন্ট শুরুর আগেই চলছে অস্থিরতার ঝড়। সময় বাড়ানো হলেও ১০ টাকা ব্যাংক গ্যারান্টি পুরোপুরি জমা দেয়নি একটি ফ্র্যাঞ্চাইজিও। এবারের আসরের ভবিষ্যৎ নিয়েও চলছে নানা গুঞ্জন ও অনিশ্চয়তা। এসবের মধ্যেই আরেক দফায় পিছিয়ে দেওয়া হলো নিলামের সময়।  

আগের নির্ধারিত তারিখ থেকে সাত দিন বাড়িয়ে নতুন দিনক্ষণ রাখা হয়েছে ৩০ নভেম্বর। 

তবে ব্যাংক গ্যারান্টি নিয়ে দফায় দফায় সময়সীমা বাড়ানো, পুনঃআলোচনা, শেষ মুহূর্তের অপেক্ষা সবকিছু মিলে নিলামকে ঘিরে এখন যেন প্রশ্নের ভিড় জমতে শুরু করছে।  

বিসিবির দাবি, স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় মসৃণ করতে ও নিলাম আয়োজনকে সুগঠিত করতে নতুন তারিখ ঠিক করা হয়েছে। কিন্তু আড়ালের বাস্তবতা বলছে ভিন্ন কিছুই। গভর্নিং কাউন্সিল যে ফ্র্যাঞ্চাইজিদের হাতে কার্যত জিম্মি হয়ে গেছে, তার প্রমাণ মিলেছে প্রতি ধাপে শেষ সময়সীমা পেরোনোর পরও অপেক্ষা, তারপর আরও সময় এবং সেই সময়েরও কোনো ফল না পাওয়ায়।

পাঁচ ফ্র্যাঞ্চাইজির জন্য স্পষ্ট আর চূড়ান্ত নির্দেশ ছিল, গত মঙ্গলবারের মধ্যে বিনা শর্তে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবির কাছে জমা দিতে হবে। দিন পার হয়েছে, সময়সীমা শেষ হয়েছে। তারপরও গভর্নিং কাউন্সিল অপেক্ষা করেছে। এমনকি বুধবার অনানুষ্ঠানিকভাবে আরও কিছু ঘণ্টা সময় বাড়িয়ে দেখেছে, শেষ মুহূর্তে কারও কাছ থেকে পাওয়া যায় কি না। কিন্তু সেই অপেক্ষাও বিফল। 

এক ফ্র্যাঞ্চাইজিও সম্পূর্ণ গ্যারান্টি জমা দেয়নি। এটিই নিলাম পিছিয়ে দেওয়ার মূল কারণ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন গভর্নিং কাউন্সিল সদস্য ও বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।

ব্যাংক গ্যারান্টি নিয়ে গভর্নিং কাউন্সিলের ভেতরকার ছবিটাও বেশ বিশৃঙ্খল। কে কত জমা দিয়েছে, এ নিয়ে সদস্যদের একেকজনের বক্তব্য একেকরকম। সূত্রের তথ্য অনুযায়ী, পাঁচ দলের কেউই সম্পূর্ণ ১০ কোটি টাকা জমা রাখেনি। ঢাকা ক্যাপিটালস অর্ধেক দিয়েছে, সিলেট টাইটান্স আংশিক দিয়েছে। রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স কত শতাংশ জমা দিয়েছে, তা নিয়েও সদস্যদের মন্তব্য পরস্পরবিরোধী।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদের দাবি আবার পুরোই ভিন্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স, এই তিন দলের কাছ থেকে তারা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পেয়েছেন। তার কাছে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির কোনো অর্থ পাওয়ার খবর নেই। 

“ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি জমার সময় ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়েছিল। তবুও সবাই গ্যারান্টি জমা দিতে পারেনি। কয়েকটি দল আবার অতিরিক্ত সময়ও চেয়েছিল। তাই শেষ পর্যন্ত নিলাম পেছানো ছাড়া আর কোনো পথ ছিল না। এখন পরিকল্পনা হচ্ছে, এক টাকাও না দেওয়া চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবির হাতে নিয়ে বাইরে থেকে বিনিয়োগ এনে অন্তত এ বছরের আসরটা কোনোভাবে এগিয়ে নেওয়া।”

গভর্নিং কাউন্সিলের একাধিক সদস্যই এই পদক্ষেপ ছাড়া বিপিএলের সঠিক আয়োজন করা সম্ভব হবে না বলে মত দিয়েছেন। তিন দলের ব্যাংক গ্যারান্টির টাকায় বাকি দুই দলকে টেনে নেওয়া বিসিবির পক্ষেও সম্ভব নয় বলে মনে করছেন গভর্নিং কাউন্সিলের অনেকেই। 

সবশেষ খবর অনুযায়ী, চট্টগ্রাম রয়্যালসের অবস্থাও টালমাটাল। সময় বাড়িয়েও তারা ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে পারেনি। ফলে দলটির স্বত্ব বাতিলের প্রস্তুতি চলছে। পাশাপাশি চেষ্টা হচ্ছে কোনোভাবে বাইরের বিনিয়োগকারীদের সহায়তায় দলটি মাঠে রাখা যায় কি না। বিকল্প হিসেবে দলটির জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজার কাজও শুরু হয়েছে। দল নেওয়ার আগ্রহী তালিকায় আগের ধাপে বাদ পড়া কয়েকটি পক্ষের সঙ্গেও আবার যোগাযোগ করছে গভর্নিং কাউন্সিল।

পুরো পরিস্থিতি মিলিয়ে বিপিএল এখন অগোছালো, টানাপোড়েন আর চাপের এক চক্রে আটকে আছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি না জমা পড়ায় আয়োজনের নিয়ন্ত্রণ গভর্নিং কাউন্সিলের হাত থেকে যেন বেরিয়ে গিয়ে উল্টো তাদেরই অসহায় করে তুলেছে।