২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথকে টপকে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাবর

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 04:32 PM

Updated : 21 Dec 2022, 04:32 PM

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়ার বিষাদে খানিকটা ব্যক্তিগত অর্জনের সুখের দোলা পেলেন বাবর আজম। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনি পেরিয়ে গেলেন স্টিভেন স্মিথকে। পাকিস্তানের অধিনায়ক উঠে এলেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে বাবর আছেন চারে, ওয়ানডেতে শীর্ষে। এবার টেস্টেও এক নম্বর হওয়ার দিকে এগোলেন আরেকটু।

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার শেষ হওয়া করাচি টেস্টে পাকিস্তান হারলেও বাবর দুই ইনিংসে করেন ৭৮ ও ৫৪। এই সপ্তাহেই গ্যাবায় ব্যাটিং প্রতিকূল উইকেটে স্মিথ আউট হন ৩৬ ও ৬ রানে। দুইরকম পারফরম্যান্সেই জায়গা অবদলবদল হয় দুজনের।

৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথ এখন তিনে, ৮৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বাবর। গ্যাবায় খুব ভালো করতে না পারলেও অনেকটা এগিয়ে থেকেই শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। তার রেটিং পয়েন্ট ৯৩৬।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ট্রাভিস হেডও। দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ৯৯ ও ১৭৫ রানের ইনিংসের পর গ্যাবার ভয়ঙ্কর উইকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলেন ৯২ রানের অসাধারণ ইনিংস।

তিন ধাপ এগিয়ে তিনি এখন চারে। ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের আগের সেরা অবস্থান ছিল পাঁচ, যা তিনি ছুঁয়েছিলেন এই বছরের জানুয়ারিতে।

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন চেতেশ্বর পুজারা। এই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যান করেন ৯০, পরের ইনিংসে অপরাজিত ১০২। একসময় দুইয়ে উঠে পরে আবার বিশের বাইরে চলে যাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান এখন আছেন ১৬ নম্বরে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে শ্রেয়াস আইয়ার উঠে এসেছেন ২৬তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে সেঞ্চুরি করে হ্যারি ব্রুক এগিয়েছেন ১২ ধাপ। এই সিরিজে তিন টেস্টে তিন সেঞ্চুরি করা তরুণ ইংল্যান্ড ব্যাটসম্যান মাত্র ৪ টেস্ট খেলেই উঠে এসেছেন ৪৪ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে কাগিসো রাবাদা আছে সুখময় চারের চক্করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবায় প্রথম ইনিংসে তার শিকার চার উইকেট, দ্বিতীয় ইনিংসেও চারটি। দুই চারে তিনি র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন চার ধাপ। একসময়ের এক নম্বর বোলার অনেক পিছিয়ে পড়ে এখন আবার উঠে এসেছেন তিন নম্বরে।

বোলিংয়ে আগের মতোই শীর্ষে আছেন প্যাট কামিন্স। গ্যাবায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক সংহত করেছেন নিজের অবস্থান। তার রেটিং পয়েন্ট ৮৮০। অনেকটা পেছনে থেকে দুইয়ে জেমস অ্যান্ডারসন (৮৩৫)। তিনে রাবাদার পয়েন্ট ৮২৪।

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ৮ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হওয়া বাঁহাতি রিস্ট স্পিনাল কুলদিপ যাদব এগিয়েছেন ১৯ ধাপ (৪৯তম)। এই টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকারি আকসার প্যাটেল ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে।

চোটের কারণে বাংলাদেশ সফরে না থাকলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন আছেন দুইয়ে। বেন স্টোকসকে টপকে তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান।