রাহুলের চোটে ফাইনালের ভারতীয় দলে কিষান
স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হয়েছে সূর্যকুমার, রুতুরাজ ও মুকেশ।
সবশেষ সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন ইশান কিষান। কিন্তু কোনো ম্যাচ না খেলেই জায়গা হারান তিনি চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে। তবে লোকেশ রাহুলের ইনজুরিতে ফের দুয়ার খুলে গেল ২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানের জন্য।
ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় দলে জায়গা পেয়েছেন কিষান।
একইসঙ্গে নতুন করে স্ট্যান্ডবাই হিসেবে আরও তিনজনকে নেওয়া হয়েছে দলে- রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।
আইপিএলে গত সোমবার লক্ষ্ণৌতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান নিতম্বে চোট পান রাহুল। ওই চোটে আইপিএলের বাকি অংশ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান কিপার-ব্যাটসম্যান।
কাঁধের চোটে রাহুলের আইপিএল সতীর্থ জয়দেব উনাদকাটও ছিটকে গেছেন মাঠের বাইরে। ফাইনালের আগে তার সেরে ওঠার ব্যাপারে আশাবাদী বিসিসিআই। তাই বাঁহাতি পেসারের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে তারা।
রাহুল-উনাদকাট ছাড়াও চোট সমস্যা আছে উমেশ যাদবকে ঘিরেও। গত ২৬ এপ্রিল বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। আপাতত কলকাতা নাইট রাইডার্সের তত্ত্বাবধানে আছেন অভিজ্ঞ পেসার। তার সার্বক্ষণিক খোঁজ রাখছে বিসিসিআই মেডিকেল বিভাগ।
এখনও টেস্ট অভিষেক হয়নি কিষানের। তবে ভারতের হয়ে এরই মধ্যে ১৪ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ফাইনালের একাদশে জায়গা পেতে কিষানের লড়াইটা হবে কেএস ভারতের সঙ্গে। স্কোয়াডে কিপার হিসেবে আছেন শুধু এই দুজন। রিশাভ পান্ত দুর্ঘটনায় পড়ার পর ভারতের সবশেষ চার টেস্টে কিপিং করেছেন ভারতই।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২ হাজার ৯৮৫ রান করেছেন কিষান। ১৬টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি ছুঁয়েছেন ৬ বার।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন থেকে। গত আসরের ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিষান, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
স্ট্যান্ডবাই: রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব
