এই বছরের মধ্যে বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান নাজমুল হাসান
আইনগত কোনো বাধা না থাকলেও মন্ত্রী হওয়ার পর এই বছরই বিসিবি সভাপতির পদ ছাড়ার চেষ্টা করবেন বলে জানালেন তিনি।
মন্ত্রী হয়ে বিসিবি সভাপতির দায়িত্ব পালনে কোনো আইনগত বা গঠনতান্ত্রিক বাধা না থাকলেও দুটি দায়িত্ব একসঙ্গে দীর্ঘদিন চালিয়ে যেতে চান না নাজমুল হাসান। এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানালেন তিনি।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের এই ভাবনার কথা জানান নাজমুল হাসান।
নাজমুল হাসান এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিসিবি সভাপতি হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও আলোচনা তুঙ্গে। নানা গুঞ্জন ও জল্পনাও শোনা যাচ্ছে ক্রিকেট আঙিনায়।
এই দুই দায়িত্ব পালন করায় যে কোনো ধরনের বাধা নেই, সময় টিভির সঙ্গে আলাপচারিতায় তা মনে করিয়ে দিলেন নাজমুল হাসান। তবে আইনে বাধা না থাকলেও নিজের ইচ্ছের কথাও তুলে ধরলেন তিনি।
“প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই…ছাড়ার। আগেও আমাদের অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। সেটা ইস্যু না। কথা হচ্ছে, আগে থেকেই ইচ্ছে ছিল এবারই আমার লাস্ট টার্ম। টার্মটা আবার সামনের বছর (শেষ হবে)। আমি চেষ্টা করব, এই বছরই টার্মটা শেষ করা যায় কি না।”
“আইসিসির আবার কিছু নিয়ম-কানুন আছে। ওদের বেশ কিছু কমিটিতে আছি, বিশেষ করে চেয়ারম্যানও আছি। ওরা আবার এটা বদল করে না। নতুন কেউ গেলেও আইসিসিতে তারা এটা দেয় না। শ্রীলঙ্কাতে দেখেছেন, ওখানে তারা অনুমতি দেয়নি। ওদের টার্মটা শেষ করতে হবে। আমার ধারণা… সামনের বছর তো এমনিই করতাম, চেষ্টা করব এ বছরের মধ্যে শেষ করা যায় কি না।”
মন্ত্রিসভায় থেকে বিসিবি সভাপতির ভার সামলানোর নজির বাংলাদেশে আগেও কিছু আছে। পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লিগ সরকার গঠন করার পর বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া সাবের হোসেন চৌধুরী ছিলেন নৌ-পরিবহন উপমন্ত্রীও।
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, এখনও তা জানেন না বলেই জানালেন নাজমুল হাসান। তবে ভিন্ন চ্যালেঞ্জে চেষ্টার কমতি রাখবেন না, বললেন তিনি।
“আমি সবসময় প্রাইভেট সেক্টরে ছিলাম। এখন এটা পুরোপুরি ভিন্ন। পাবলিক সেক্টরে আমার ইন্টারঅ্যাকশন একদম মিনিমাম। সেজন্য দায়িত্বটা আগে বুঝতে হবে। কাজটা কী, কাজটা বোঝার চেষ্টা করব প্রথমে। কোনো বিষয় নিয়ে বিস্তারিত হোমওয়ার্ক ছাড়া এখনই মন্তব্য করাটা কঠিন। তবে চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, টেষ্টা করব সেরাটা দিতে।”
শপথের পরপর অবশ্য জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। আগে এখানে সাধারণত প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রাখা হলেও এবার পূর্ণমন্ত্রীই করা হয়েছে নাজমুল হাসানকে।
নাজমুল হাসান বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চাইলেও বোর্ড পরিচালকদের একটা বড় অংশের চাওয়া, এই মেয়াদ যেন তিনি পূর্ণ করেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দুটি দায়িত্বই নাজমুল হাসান একসঙ্গে ভালোভাবে চালিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস তাদের।
বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আগামী বছরের অক্টোবর-নভেম্বরে।
