২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগ্রার মতে ‘রাবিশ’, এমসিসি জানাল ‘সঠিক সিদ্ধান্ত’

অ্যাশেজের লর্ডস টেস্টের চতুর্থ দিনে মিচেল স্টার্কের মুঠোয় বেন ডাকেট ধরা পড়লেও ক্যাচটি পরে বাতিল করে দেন তৃতীয় আম্পায়ার।

ম্যাকগ্রার মতে ‘রাবিশ’, এমসিসি জানাল ‘সঠিক সিদ্ধান্ত’

আউট নাকি আউট নয়? 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 08:32 AM

Updated : 02 Jul 2023, 02:07 PM

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত যখন ফুটে উঠল বড় পর্দায়, মিচেল স্টার্ক যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ার অন্যদের চোখেমুখেও ছিল অবিশ্বাসের ছাপ। সেই সিদ্ধান্ত নিয়ে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যে প্রশ্ন তুললেন রিকি পন্টিং। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে গ্লেন ম্যাকগ্রা তো সরাসরি এটিকে ‘রাবিশ’ সিদ্ধান্ত বলেই রায় দিয়ে দিলেন। তবে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসি পরে জানাল, আইন অনুযায়ী তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।

অ্যাশেজের লর্ডস টেস্টের চতুর্থ বিকেলে শনিবার এই ঘটনা ঘটে। ক্যামেরন গ্রিনের বাউন্সারে আপার কাট করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি বেন ডাকেট। ফাইন লেগে স্লাইড করে ক্যাচ নেন মিচেল স্টার্ক। ফিফটি করা ব্যাটসম্যানকে ফিরিয়ে উদযাপনে মেতে ওঠে অস্ট্রেলিয়ানরা। ডাকেটও প্রায় মাঠ ছেড়েই যাচ্ছিলেন। সীমানার কাছাকাছি জায়গায় তাকে থামান আম্পায়ার। এরপর বারবার রিপ্লে দেখে তাকে ‘নট আউট’ দেন তৃতীয় আম্পায়ার মারাইস ইরাসমাস।

গ্যালারি থেকে তুমুল চিৎকার ভেসে আসে। ড্রেসিং রুমে ব্যালকনিতে ইংলিশ ক্রিকেটারদের দেখা যায় স্বস্তিতে। ডাকেট আবার ক্রিজে ফেরেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করেন তিনি। বেন স্টোকসের সঙ্গে তার জুটিও অবিচ্ছিন্ন রয়ে যায়।

এই টেস্টেই আগের দিন জো রুটকে আউট করা স্টিভেন স্মিথের ক্যাচ নিয়ে খানিকটা বিতর্ক হয়েছিল। সেখানেও বল মাটিতে স্পর্শ করা ও পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত রুট আউট হয়েছিলেন। এই সিদ্ধান্তটিকে টেনে এনে এবার ডাকেটকে ‘নট আউট’ দেওয়া নিয়ে টিভি ধারাভাষ্যে প্রশ্ন তোলেন পন্টিং। তার চোখে, স্মিথের চেয়েও বল বেশি ভালোভাবে নিয়ন্ত্রণে ছিল স্টার্কের। আম্পায়ারদের সিদ্ধান্তের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ করেন তিনি।

Image

বেন ডাকেটকে 'নট আউট' দেওয়ার পর আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। 

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ম্যাকগ্রার মন্তব্য ছিল আরও চাঁছাছোলা।

“আমি দুঃখিত, কিন্তু আমার জীবনে দেখা সবচেয়ে বড় ‘রাবিশ’ এটা। বলকে সে নিয়ন্ত্রণে নিয়েছিল, বল পুরো নিয়ন্ত্রণে। দুঃখিত, আমি খেলাটার সবকিছু দেখে ফেলেছি, কিন্তু এটা যদি ‘নট আউট’ হয়, তাহলে এখনও পর্যন্ত যত ক্যাচ নেওয়া হয়েছে, সবগুলোই ‘নট আউট’ হওয়া উচিত।”

“এটা লজ্জাজনক। আমার আর কিছুই দেখার বাকি নেই। এটা বিশ্বাসই করতে পারছি না। এই বল যদি নিয়ন্ত্রণে না থাকে…খুবই হাস্যকর। দুই হাতে বল নিয়ন্ত্রণে নিয়েছে সে। এখন সবকিছু দেখা হয়ে গেছে আমার।”

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সফলতম পেসার থামেননি সেখানেই। একসময় বল হাতে অ্যাশেজে ঝড় তোলা পেসার এবার তার কথার ঝড়ও চালিয়ে যান।

Image

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বেজায় চটেছেন গ্লেন ম্যাকগ্রা।

“ইংল্যান্ড যদি এই ক্যাচ নিত, তাহলে ঠিকই আউট হতো। খুবই অদ্ভুত… বিশ্বাস করতে পারছি না। এটা তো খুবই নিয়মিত একটি ক্যাচের মতোই। আমি বোলিংয়ে থাকলে অবশ্যই খুশি হতাম না। ক্যাচটি নেওয়ায় মাঠে স্পর্শ লাগার কোনো ভূমিকা ছিল না।”

“আমি যদি মিচেল স্টার্ক হতাম, সবার ওপরই চটে যেতাম। কারণ এই সিদ্ধান্তের মানে হলো, মিচেল স্টার্ক আসলে প্রতারণা করেছেন। অথচ সে খুব সহজেই ক্যাচটি নিয়েছে। বল তার মুঠোয়, পুরোপুরি নিয়ন্ত্রণে।”

তবে ক্রিকেটের আইন যা বলে, তাতে নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক ম্যাকগ্রার মন্তব্যে উঠে আসেনি। আইনের ৩৩.৩ ধারা অনুযায়ী, একটি ক্যাচ তখনই বৈধ হবে, যখন বল এবং নিজের শরীরের মুভমেন্ট ফিল্ডারের নিয়ন্ত্রণে থাকবে। দুটিই নিয়ন্ত্রণে থাকার আগ পর্যন্ত বল মাটিতে স্পর্শ করতে পারবে না। স্টার্কের ক্ষেত্রে রিপ্লেতে দেখা যায়, তিনি ক্যাচটি ঠিকঠাক নেন, বলটাকে মুঠোয় নিয়ন্ত্রণেও নেন দারুণভাবে। কিন্তু তার শরীর পুরো নিয়ন্ত্রণে ছিল না, তিনি স্লাইডিংয়ে থাকার সময়ই একটা পর্যায়ে মাটিতে স্পর্শ করে বল।

অস্ট্রেলিয়া দল থেকে অবশ্য কোনো আপত্তি করা হয়নি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রতিনিধি হয়ে আসা অফ স্পিনার ন্যাথান লায়ন আস্থা রাখলেন আম্পায়ারদের ওপরই।

“তখন অবশ্যই আবেগের জোয়ার ছিল তীব্র। তবে আম্পায়ারদের জন্য তো ক্রিকেটের আইন আছে যে, ক্যাচের প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে হবে।”