দেহরক্ষী থেকে টেস্ট ক্রিকেটার: দুর্গম ক্যারিবিয়ান দ্বীপের বোলারের স্বপ্নময় অভিষেক
নদীপথে ২২৫ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় যে গ্রামে, ২০১৮ সালের আগ পর্যন্ত টেলিফোন-ইন্টারনেট নেটওয়ার্কের বাইরে ছিল যে গ্রাম, সেখান থেকে উঠে আসা শামার জোসেফ টেস্ট ক্রিকেটে শুরুটা করেছেন অসাধারণ।
গায়ানার রাজধানী জর্জটাউন থেকে অনেক দূরের এক গ্রাম বারাকারা। বিচ্ছিন্ন এই দ্বীপে যাওয়ার একমাত্র উপায় ২২৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ। গাছগাছড়ায় ভরা সেই নদীপথ পাড়ি দিতে কখনও কখনও দুই দিনও লেগে যায়। গ্রামের জনসংখ্যা সাড়ে তিনশ। ২০১৫ সালের আগে সেখানে কোনো স্থানীয় সরকার ছিল না। টেলিফোন ও ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় এসেছে এই তো কেবল ২০১৮ সালে। সেই গ্রামে বেড়ে ওঠা শামার জোসেফ এখন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের অভিষেকের দিনটিই রাঙিয়েছেন তিনি দারুণ কীর্তিতে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে বুধবার টেস্ট ক্যাপ পান জোসেফ। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দুর্দান্ত শেষ জুটিতে উপহার দেন কার্যকর এক ইনিংস। এরপর তার মূল কাজ যেটি, সেই বোলিংয়ে তার শুরুটা হয় রূপকথাময়। টেস্ট ক্রিকেটে প্রথম বলেই স্বাদ পান উইকেটের, সেটিও স্টিভেন স্মিথের!
ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসের নবম ওভারে বল হাতে পান জোসেফ। প্রথম বলটি করার সময় রান আপের শেষ মাথায় পৌঁছেও বল করেননি। হয়তো মেলেনি রান আপ। হয়তো অনুভব করছিলেন পেটে প্রজাপতির নাচন। এরপর আর ভুল নয়। ১৩৬.৭ কিলোমিটার গতিতে অফ স্টাম্পের একটু বাইরের লেংথ বল স্মিথের ব্যাটের কানায় লেগে পৌঁছে যায় স্লিপ ফিল্ডারের আশ্রয়ে। ওপেনার হিসেবে স্মিথের অধ্যায় শুরু হয় ১২ রানেই আউট হয়ে।
ওয়েস্ট ইন্ডিজের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকারি মাত্র দ্বিতীয় বোলার তিনি। তার আগে পেরেছিলেন বাঁহাতি ফাস্ট বোলার টাইরেল জনসন, সেই ১৯৩৯ সালে!
প্রথম বলেই উইকেটের স্বাদ পেয়ে খ্যাপাটে দৌড়ে অ্যাডিলেইড ওভালের সবুজ আঙিনায় ছুটতে থাকেন জোসেফ। তাকে আর পায় কে!
তার জীবনটাই এমন, অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পেছনে ছুটে চলার গল্প।
১৯৯৯ সালের অগাস্টে তার জন্ম বারাকারা গ্রামে। এটি মূলত মেরুনদের গ্রাম। আফ্রিকা থেকে দাস হিসেবে আনা হয়েছিল যাদের, পরে দাসত্বের শেকল ভেঙে যারা নিজেদের আবাস গড়েছিলেন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নানা প্রান্তে। গায়ানার একমাত্র মেরুন গ্রাম এটি। উনিশ শতকের গোড়ার দিকে মেরুনরা আবাস গড়েছিলেন এখানে।
এই গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, আছে একটি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই এখনও। গ্রামের মানুষের মূল পেশা কৃষি আর গাছ কাটা। ভালো কোনো চিকিৎসা বা আধুনিকতার ন্যুনতম ছোঁয়া পেতে হলেও নদীতে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদেরকে যেতে হয় নিউ আমস্টারডাম শহরে।
কৃষি কাজ আর ঘরের টুকিটাকি কাজ ফাঁকি দিয়ে ছেলেবেলা থেকেই ক্রিকেট খেলতেন জোসেফ। কখনও লেবু, কখনও পেয়ারা দিয়ে বোলিং করতেন। একসময় টেপ টেনিসে খেলা শুরু করলেন। মাঝেমধ্যে নিউ আমস্টারডাম শহরে খেলতে যেতেন। এভাবেই একসময় সুযোগ পেয়ে যান ওই শহরের ক্লাব টাকবার পার্কে। যে ক্লাব থেকে উঠে এসে এখন ক্যারিবিয়ান ক্রিকেট মাতাচ্ছেন রোমারিও শেফার্ড।
সেই সময় কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসের অনেক গল্প শুনতেন জোসেফ। ভিডিও দেখারও সুযোগ পেলেন। ক্রিকেট ও ফাস্ট বোলিংয়ে প্রেমে মজে গেলেন। ক্রিকেট নিয়ে বড় স্বপ্নও দেখতে শুরু করলেন। কিন্তু জীবিকার তাগিদও উপেক্ষা করার উপায় নেই! পাঁচ ভাই তিন বোনের পরিবার। তিনি নিজেও বিয়ে করলেন অল্প বয়সে। একসময় তাই নাম লেখালেন একটি সিকিউরিটি ফার্মে। চাকরির অংশ হিসেবে দেহরক্ষীর কাজও করতে হয়েছে তাকে।
কিন্তু ক্রিকেটকে মন থেকে মুছতে পারেননি। ততদিনে বাবা হয়ে গেছেন। একসময় তবু স্বপ্ন পূরণের তাড়নায় চাকরি ছেড়ে পাড়ি জমান ক্রিকেটের অনিশ্চিত পথে। পরিশ্রম আর প্রতিজ্ঞা দিয়ে ঠিকই এগোতে থাকেন তিনি সব বাধা পেরিয়ে।
স্থানীয় বিভিন্ন ক্লাব হয়ে যখন তিনি গায়ানা দলে সুযোগ পেলেন, গোটা বারাকারা গ্রামের জন্যই তা ছিল উৎসবের উপলক্ষ। জোসেফ ছুটতে থাকেন আরও। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক গত ফেব্রুয়ারিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে সুযোগ পেয়ে যান। সিপিএলের গত মৌসুমে দুটি ম্যাচে খেলার সুযোগ মেলে। তার দল শিরোপা জেতে। তিনি অবশ্য খুব ভালো করতে পারেননি। তবে তার প্রতিভা আড়ালে পড়ে থাকেনি।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে জায়গা পান। দুটি আনঅফিসিয়াল টেস্টে উইকেট শিকার করেন ১২টি। এরপর টেস্ট দলেও ডাক পেয়ে যান স্রেফ ৫টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতায়। প্রস্তুতি ম্যাচে ভালো বোলিংয়ে টেস্ট অভিষেকও হয়ে যায় অ্যাডিলেইডে।
বোলিংয়ের আগে টেস্টে প্রথম ছাপ রাখেন তিনি ব্যাটিংয়ে। দলের বিপর্যয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে গিয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের ঝলকই শুধু দেখাননি, লড়িয়ে মানসিকতার প্রমাণও দেন। কিমার রোচকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি।
৯ উইকেটে ১৩৩ রান থেকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ১৮৮ পর্যন্ত যেতে পারে। ৩ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন জোসেফ।
এরপর তো বোলিংয়ে প্রথম বলেই উইকেট। থামেননি সেখানেই। দিনের শেষে দারুণ পরিকল্পনার অংশ হিসেবে শর্ট বলের ফাঁদে ফেলেন মার্নাস লাবুশেনকে।
সব মিলিয়ে দিনটি ওয়েস্ট ইন্ডিজের ভালো না কাটলেও জোসেফ কখনও ভুলবেন না। বারাকারা গ্রামে লেবু-পেয়ারা দিয়ে বোলিং করা সেই ছেলেটি, ২৪ বছর বয়সে এখন যিনি দুই সন্তানের বাবা, জীবনের নানা ঘাত-প্রতিঘাত সয়ে এখন তিনি লাল কুকাবুরা হাতে নিজের আগমণীবার্তা জানিয়ে রাখলেন টেস্ট ক্রিকেটে।
