টি-টোয়েন্টির লড়াইয়ে ডাচরা এখন বাংলাদেশে
তিন ম্যাচের সিরিজ খেলতে বুধবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় পা রাখে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ডাচ দলটি। এ দিনই তাদের চলে যাওয়ার কথা সিলেটে। তিন ম্যাচের সিরিজটি হবে সেখানেই।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে এই সিরিজ আয়োজন করছে বিসিবি। মূলত এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ম্যাচ প্রস্তুতির জন্যই বিশেষ এই সিরিজ হচ্ছে।
নেদারল্যান্ডস ক্রিকেট দলের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে আগের কোনোটিই দ্বিপাক্ষিক সিরিজ ছিল না। ২০১১ বিশ্বকাপে এখানে খেলেছে তারা বাংলাদেশের বিপক্ষেই। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এদেশে খেলেছে সাতটি ম্যাচ, তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়।
টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছে নেদারল্যান্ডস, বিশ্বকাপে জায়গা করে নেয় তারা নিয়মিতই। বাংলাদেশ এই সংস্করণে আছে ১০ নম্বরে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শনিবার। পরের দুটি সোমবার ও বুধবার। সবকটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ ও সামনের এশিয়া কাপে চোখ রেখে গত তিন সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুরে শুরুর পর সিলেটে গিয়ে তাদের অনুশীলন চলছে এক সপ্তাহ ধরে।
