৪ ফিফটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান
এক পর্যায়ে ৩৬ রানে ৪ উইকেট হারালেও ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে শান মাসুদের দল।
ইমাম-উল-হাক ও শান মাসুদের দারুণ দুটি অর্ধশতক এবং তাদের শত রানের জুটিতে দারুণ ভিত পেল পাকিস্তান। কিন্তু ৩৬ রানের মধ্যে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। লাহোর টেস্টের প্রথম দিনের লড়াই রঙ পাল্টালো আরও একবার। মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের আশা জাগাল পাকিস্তান।
প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৩। ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে খেলছেন রিজওয়ান। ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে ব্যাট করছেন সালমান।
লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে হারায় পাকিস্তান। কাগিসো রাবাদার তৃতীয় বলে রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
উইকেট বেশ শুষ্ক, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পিচে ভাঙার আভাস স্পষ্ট হয়ে ওঠে। তবে দিনের শুরুতে পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সেটা কাজে লাগিয়ে স্বাগতিকদের বেশ ভোগান রাবাদা। তার ইয়র্কার ও বাউন্সার মাটি কামড়ে কাটিয়ে দেন মাসুদ।
ওপেনার ইমাম শুরু থেকে খেলেন আস্থার সঙ্গে। কঠিন সময় কাটিয়ে দেওয়ার পর তার সঙ্গে দারুণ জুটি গড়েন মাসুদ।
তিন স্পিনার নিয়ে খেলা সফরকারীদের হতাশ করে প্রথম সেশনে একশ রান তোলে পাকিস্তান। লাঞ্চের আগে পঞ্চাশ স্পর্শ করেন ইমাম, ৬৫ বলে। বিরতির পর মাসুদ পঞ্চাশে যান ৯৩ বলে।
এরপরই পাল্টা আঘাতে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রেনেলান সুব্রায়েনের বলে মাসুদ এলবিডব্লিউ হলে ভাঙে ১৬১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের যৌথভাবে সেরা জুটি।
১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন মাসুদ।
ক্রিজে গিয়ে শূন্য রানে রিভিউ নিয়ে বাঁচেন বাবর আজম। পরে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। তার সঙ্গে ইমামের জুটি জমে যাচ্ছিল। তবে চা-বিরতির আগে শেষ ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
সেনুরান মুথুসামির বলে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ধরা পড়েন ইমাম। ১৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় এই ওপেনার করেন ৯৩ রান। পরের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ সাউদ শাকিল।
তৃতীয় সেশনের শুরুতে কোনো রান যোগ করার আগে বাবরকেও হারায় পাকিস্তান। সাইমন হার্মারের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
দিনের বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। রিজওয়ান ও সালমান কাটিয়ে দেন ৩০.৪ ওভার। এই সময়ে তারা যোগ করেন ১১৪ রান। তাদের জুটিতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/৫ (শাফিক ২, ইমাম ৯৩, মাসুদ ৭৬, বাবর ২৩, শাকিল ০, রিজওয়ান ৬২, সালমান ৫২; রাবাদা ১৩-২-৪৩-১, মুল্ডার ২-০-১৩-০, সুব্রায়েন ২০-০-৭২-১, হার্মার ২৮-৫-৭৫-১, মুথুসামি ২৬-৫-১০১-২, মার্করাম ১-০-৬-০).
