২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মাস পর মাঠে নেমে ১৩ রানে বোল্ড তামিম

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান, প্রথম ম্যাচে অবশ্য জ্বলে উঠতে পারলেন না ব্যাট হাতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 03:25 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

তিনটি সিঙ্গল নিয়ে শুরু। এরপর একটি বাউন্ডারি। ক্রিজ ছেড়ে বেরিয়ে একটি ছক্কা। এরপরই শেষ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচে খুব বেশিক্ষণ টিকতে পারলেন না তামিম ইকবাল। ভালো কিছুর আভাস দিয়েও বড় হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের ইনিংস।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনে বুধবার সিলেটে চট্টগ্রাম বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ১০ বলে ১৩ রান করে আউট হন তামিম।

এই ম্যাচের আগে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে। গত ৬ মে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন ফতুল্লায়। 

জাতীয় দলে তার অধ্যায় থমকে আছে এক বছরের বেশি সময় ধরে। প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি খেলেন না অনেক দিন ধরেই। তাই লম্বা বিরতি পড়েছিল তার ক্রিকেটে। বিপিএলে তাকিয়ে গত কিছুদিন ধরেই তিনি ফিটনেস ট্রেনিং ও ব্যাটিং অনুশীলন করছিলেন নিয়মিত। এর মধ্যেই জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর নতুন করে শুরু হওয়ায় তার সামনেও এসে যায় ম্যাচ খেলার সুযোগ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার চট্টগ্রামের ইনিংস শুরু হয় প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়ের তিন বাউন্ডারিতে। তৃতীয় ওভারে তিনি রান আউট হয়ে যান।

তামিম প্রথম তিন বলে সিঙ্গল নেন। পরে অফ স্পিনার এনামুল হকের লেগ স্টাম্পে থাকা বলে ফ্লিক করে প্রথম বাউন্ডারির দেখা পান। এই স্পিনারের পরের ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারেন লং অফ দিয়ে।

তবে ওভারের পরের তিন বলে তামিমকে ক্রিজে আটকে রাখেন এনামুল। তাতে একটু যেন অস্থির হয়ে পড়েন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। লেংথ বলে স্লগ করার চেষ্টায় শরীরের ভারসাম্য হারান, উপড়ে যায় লেগ স্টাম্প ও মিডল স্টাম্প।

তামিমের ব্যর্থতার ইনিংসে খুব ভালো করতে পারেননি তার সতীর্থরাও। চট্টগ্রাম ২০ ওভারে করতে পারে কেবল ১৩২ রান।

এই আসরে চারটি থেকে পাঁচটি ম্যাচ খেলার কথা তামিমের।