২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে রান বন্যায় জুলাইয়ের সেরা গিল

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার মাস সেরার পুরস্কার জিতলেন ভারতীয় ব্যাটসম্যান।

ইংল্যান্ডে রান বন্যায় জুলাইয়ের সেরা গিল
শুবমান গিল। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

শুবমান গিলের অর্জনের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। ইংল্যান্ডে টেস্ট সিরিজে রানের স্রোত বইয়ে মাস সেরার স্বীকৃতি পেয়েছেন ভারত অধিনায়ক। সঙ্গে গড়েছেন প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হওয়ার কীর্তি।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। নারীদের মধ্যে সেরার সম্মাননা পেয়েছেন ইংল্যান্ডের সোফি ডাঙ্কলি।

সেরার লড়াইয়ে গিল হারিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ভিয়ান মুল্ডারকে। আর ডাঙ্কলি টপকে গেছেন স্বদেশি সোফি এক্লেস্টোন ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইসকে।

ইংল্যান্ডে স্বপ্নের মতো এক সিরিজ কাটে গিলের। অনেক রেকর্ড ও কীর্তি গড়ার সিরিজে পাঁচ টেস্টে ৭৫৪ রান করেন তিনি। যেখানে গত মাসে তিন ম্যাচ খেলে ৯৪.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ৫৬৭ রান।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৩১ রান। তার ওই দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। পরে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করতে পারে ভারত।

আর সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করে গিলের দল। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে ব্যাট হাতে এবং নেতৃত্বে উজ্জ্বল ছিলেন গিল।

আর ডাঙ্কলি মাস সেরা হন ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে। গত মাসে এশিয়ার দলটির সঙ্গে খেলা ইংল্যান্ডের সাত ম্যাচের সবকটিতেই প্রতিনিধিত্ব করেন তিনি।

চার টি-টোয়েন্টিতে ১৩৪.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটার। পরে তিন ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১২৬ রান। দুটি সিরিজেই অবশ্য ভারতের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড।