আইপিএল
Published : 13 Mar 2026, 10:44 PM
মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তোলপাড় ফেলে দেওয়ার পর, এত দিন নতুন কারো সঙ্গে চুক্তি করেনি কলকাতা নাইট রাইডার্স। পেস বোলিং বিভাগের শক্তি বাড়াতে এবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়ানো মুজারাবানিকে চুক্তিভুক্ত করার কথা শুক্রবার নিশ্চিত করেছে কলকাতা।
আইপিএল খেলতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়িয়েছেন মুজারাবানি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এরই মধ্যে তাকে দলে নেওয়া ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
গত ডিসেম্বরের আইপিএলের নিলামে মুস্তাফিজকে নিয়ে হয় তুমুল লড়াই। নিলামের টেবিলে ঝড় তুলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা।
কিন্তু পরের মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। এনিয়ে বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ক শীতল হতে শুরু করে। এর প্রভাব পড়ে বিশ্বকাপেও। নিরাপত্তা শঙ্কায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের ছাড়াই হয় বৈশ্বিক আসর।
কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার দুই দিনের মাথায় এই বোলারের সঙ্গে চুক্তির কথা জানায় পিএসএল। পরে তাকে ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেয় লাহোর কালান্দার্স।
গত ফেব্রুয়ারিতে হওয়া পিএসএলের নিলামে মুজারাবানিকে নেয়নি কোনো দল। পরে শামার জোসেফের জায়গায় তার সঙ্গে সরাসরি চুক্তি করে ইসলামাবাদ।
পিএসএলের তিনটি আসরে খেলা মুজারাবানির এই প্রতিযোগিতায় শিরোপার স্বাদও পেয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে করাচি কিংসের হয়ে ট্রফি জেতেন তিনি। ওই আসরে পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নেন তিনি। সব মিলিয়ে, পিএসএলে ১৫ ম্যাচে তার শিকার ২১টি।
আইপিএলে এখনও অভিষেক হয়নি মুজারাবানির। তবে গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরু। এর আগে ২০২২ সালে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে নেট বোলার হিসেবে ছিলেন তিনি।
এবার অবশ্য আইপিএল অভিষেক হয়ে যেতে পারে মুজারাবানির। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পথে রাখেন বড় ভূমিকা। বিশ্বকাপ সেরা একাদশেও জায়গা হয় তার।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। এর দুই দিন পর পর্দা উঠবে আইপিএলের। টানা দ্বিতীয় বছর একই সময়ে হচ্ছে ভারত ও পাকিস্তানের দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
গত বছর পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশ। পেশাওয়ার জালমির ক্রিকেটারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই কারণে বশকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির ক্ষেত্রে এমন কিছু হবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।