Published : 05 Apr 2026, 08:46 AM
দুপুরে শুরু হওয়া সভা শেষ হলো রাতে। বিসিবি পরিচালনা পর্ষদের ম্যারাথন এই সভায় কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিগতভাবে, পরিকল্পনা নেওয়া হয়েছে কয়েকটি উদ্যোগের। ক্রিকেটীয় সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয় গুরুত্বপূর্ণ, সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণের দলের অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো হয়েছে লম্বা সময়ের জন্য।
সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলি সম্পর্কে জানান বিসিবি পরিচালক মোখসেদুল কামাল। বিসিবি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিল তার। সম্প্রতি তিনি পেয়েছেন মিডিয়া কমিটির ভারও। এরপর তার প্রথম সংবাদ সম্মেলন ছিল এটি।
এই সভা শেষে সংবাদ সম্মেলনে মোখসেদুলের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।
৯ ঘণ্টার সভা শেষে সংবাদ সম্মেলনও ছিল দীর্ঘ। ১ ঘণ্টার সেই সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ব্যাপারটি। মোখসেদুলের একটি কথার সূত্র ধরেই বিশ্বকাপের প্রসঙ্গটি আবার উঠে আসে এবং এটি নিয়ে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, যুক্তি-তর্কের ঝড় মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলন কক্ষ।
এছাড়া ঢাকা তৃতীয় বিভাগ ও প্রিমিয়ার লিগ এখনও চালু করতে না পারার প্রসঙ্গ নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয় বেশ। এপ্রিলের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও লিগ শুরুর আভাস নেই। অবশেষে প্রিমিয়ার লিগের ক্লাবগুলিকে সভায় বসতে আহবান জানানো হয়েছে আগামী বুধবার। এসব মৌলিক পদক্ষেপের জন্য এত সময় কেন লাগল, প্রশ্নটি উঠল বারবার।
সবমিলিয়ে শনিবার রাতে শেষ হওয়া বোর্ড সভার সিদ্ধান্তগুলি এক নজরে তুলে ধরা হলো এখানে।
১. বিসিবির ‘এইচআর পলিসি’ গ্রহণ করা হয়েছে।
২. জাতীয় নির্বাচক কমিটির চূড়ান্ত অনুমোদন। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটি কাজ শুরু করেছে এই মাসের শুরু থেকেই।
৩. সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।
৪. ক্রিকেটার, আম্পায়ার ও সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী বোর্ড সভায় তারা সম্ভাব্য প্রস্তাবনাগুলো দেবেন।
৫. ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে ক্লাবগুলোকে সভায় ডাকা হয়েছে আগামী বুধবার।
৬. আন্তবিশ্ববিদ্যায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে।
৭. ‘ডমেস্টিক ক্রিকেটার অ্যানালিটিক্যাল অ্যাপ’ তৈরি করা হয়েছে এবং সেটির উদ্বোধন করা হয়েছে।
৮. বিসিবির স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ৫৫ বছর বয়সী সাবেক ক্রিকেটার।
৯. উইমেন’স বিপিএল ও উইমেন’স কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
১০. বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১. সিলেট আর্ন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে।
১২. সংবাদকর্মীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হবে। ক্রীড়া সাংবাদিকতায় দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ এটি।
১৩. বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করা হবে এবং প্রতি তিন মাস অন্তর এটি প্রকাশিত হবে।
১৪. আগের সংসদে বিসিবির দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিসহ সমস্ত কাজের ক্ষেত্রে সহযোগিতা করার পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সকল ধরনের সহযোগিতা অব্যাগত রাখা হবে।