২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৩ উইকেট নিয়ে সবার ওপরে তাসকিন

জিম্বাবুয়েতে টি-টেন লিগে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ২০ রানে ৩ উইকেট নিলেন তাসকিন আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 10:24 PM

Updated : 28 Jul 2023, 02:24 PM

গতির সঙ্গে নিচু হওয়া ডেলিভারি ব্যাটে লাগাতে পারলেন না হজরতউল্লাহ জাজাই। বল আঘাত হানল অফ স্টাম্পে। চওড়া হাসিতে দুই হাত প্রসারিত করে ডানা মেলে দিলেন তাসকিন আহমেদ। এই উইকেট নিয়ে জিম আফ্রো টি-টেন লিগে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার প্রথম পর্বে বুলাওয়ায়ো ব্রেভসের শেষ ম্যাচে ২ ওভারে ২০ রান দিয়ে তাসকিন নেন ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ডারবান কালান্দার্সকে শুরুতেই চেপে ধরে ব্রেভস। তবে শেষ পর্যন্ত আর জিততে পারেনি তারা।

টেন্ডাই চাতারার অসাধারণ ডেথ বোলিংয়ে ব্রেভসকে ৭ রানে হারিয়েছে কালান্দার্স। ১০৪ রানের লক্ষ্যে সিকান্দার রাজার দল থামে ৭ উইকেটে ৯৬ রান করে।

আট ম্যাচে এটি তাসকিনদের পঞ্চম পরাজয়। স্রেফ ৬ পয়েন্ট নিয়ে বিদায় এক রকম নিশ্চিত হয়ে যায় তাদের। পরে প্রথম পর্বের শেষ ম্যাচে হারারে হারিকেনসকে ৯ উইকেটে হারিয়ে তাসকিনদের পুরোপুরি ছিটকে দেয় মুশফিকুর রহিমের জোহানেসবার্গ বাফেলোজ।

দল তেমন ভালো না করলেও, চলতি টুর্নামেন্টে ৭ ম্যাচে তাসকিনের শিকার ১১টি। সমান ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে বাফেলোজের মোহাম্মদ হাফিজ।

এই ৭ ম্যাচে স্রেফ একটিতে উইকেটশূন্য থাকেন বাংলাদেশের গতি তারকা। সেদিন দুই ওভারে মোটে ৭ রান দেন তিনি। এছাড়া অন্য সব ম্যাচেই পান উইকেটের দেখা। ১১ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।

টুর্নামেন্টে ১১ উইকেট পেতে ওভারপ্রতি তাসকিনের খরচ কেবল ৭.৮৫ রান। অন্তত ৫ উইকেট পাওয়া ১৮ জন বোলারের মধ্যে তার চেয়ে কম হারে রান দিয়েছেন শুধু হাফিজ, ৭.৪১।

ডারবানের বিপক্ষে ম্যাচেও যথারীতি তাসকিনের হাতে প্রথম ওভারে বল তুলে দেন অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম দুটি ডেলিভারিই ওয়াইড করেন ২৮ বছর বয়সী পেসার।

তৃতীয় বৈধ ডেলিভারিতে পান প্রথম উইকেটের দেখা। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে শর্ট কভারে ক্যাচ দেন টিম সাইফার্ট।

উইকেটে গিয়ে তাসকিনের প্রথম দুই বলে ৪ ও ২ নেন আন্দ্রে ফ্লেচার। ওভারের শেষ বলে তাকেও ফেরান তাসকিন। লেংথে পড়ে হঠাৎ নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে মিডল স্টাম্প হারান ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

দ্বিতীয় ওভারের প্রথম বলে তাসকিনকে বাউন্ডারি মেরে দেন জাজাই। পরের বলেই স্টাম্প উড়িয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি হাফিজকে টপকে সবার ওপরে উঠে যান তাসকিন।

শেষটা অবশ্য খানিক এলোমেলো হয়। বাকি চার বলে ব্যাট থেকে আর স্রেফ ১ রান হজম করলেও ওয়াইডে দেন আরও ৬ রান। সব মিলিয়ে দুই ওভারে তিনি অতিরিক্ত দেন ৯ রান।

পরে আসিফ আলির ২০ বলে ৩২ ও জর্জ লিন্ডার ৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে একশ ছাড়ায় কালান্দার্স।

রান তাড়ায় ব্রেভসের শুরুটা খুব বাজে। প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে স্রেফ ১৫ রান করে তারা। তবে বু ওয়েবস্টার ও রাজার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রাখে তারা।

১৫ বলে ২১ রান করে রাজা ফিরে গেলে দলকে টেনে নেন ওয়েবস্টার। শেষ ওভারে তিনি ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর আর জিততে পারেনি ব্রেভস।

২ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন চাতারা। সমান ওভারে সমান রান দিয়ে ব্র্যাডলি ইভান্স ধরেন ২ শিকার।

আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে সেরা চারে উঠেছে কালান্দার্স।