২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার রেকর্ডে রোহিতকে ছুঁয়ে শেবাগের আরও কাছে পান্ত

ব্যাট হাতে এক কীর্তিও গড়েছেন রিশাভ পান্ত।

ছক্কার রেকর্ডে রোহিতকে ছুঁয়ে শেবাগের আরও কাছে পান্ত
রিশাভ পান্ত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

দারুণ ইনিংসটি শেষ হয়েছে রান আউটে। ইংল্যান্ড সফরে আরেকটি পঞ্চাশোর্ধ এই ইনিংসের পথে বেশ কিছু কীর্তি গড়েছেন রিশাভ পান্ত।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় গড়া তার ১১২ বলে ৭৪ রানের ইনিংস।

এই দুটি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই। 

চূড়ায় থাকা ভিরেন্দার শেবাগও এখন খুব বেশি দূরে নয়। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। রেকর্ডটা নিজের করে নেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার।

২০৪ ইনিংসে ১৩৩ ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটা পান্তের প্রতিপক্ষ দলের অধিনায়ক বেন স্টোকসের।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার কীর্তি অবশ্য গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভিভ রিচার্ডসকে।

১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ টেস্টে ৩৪ ছক্কা মারেন রিচার্ডস। দলটির বিপক্ষে পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে ১৫ টেস্টেই। এর মধ্যে চলতি সিরিজে ৫ ইনিংসেই ১৫টি।

সফরকারী উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে কোনো একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রানও এখন পান্তের। ৫ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তার রান ৪১৬। ২০২২ সালে ৬ ইনিংসে ৩৮৩ রান করে আগের সর্বোচ্চ রান ছিল নিউ জিল্যান্ডের উইকেটকিপার টম ব্লান্ডেলের।

যে কোনো দলের উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে এক সিরিজে সর্বোচ্চ রানের নজির ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টের। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১০ ইনিংসে ৪৬৫ রান করেছিলেন তিনি।

ভারত-ইংল্যান্ড সিরিজে ম্যাচ বাকি এখনও দুটি, লর্ডসেও বাকি আছে একটি ইনিংস। স্টুয়ার্টকে ছড়িয়ে যাওয়ার হাতছানি পান্তের সামনে। 

পান্তের সঙ্গে লড়াইয়ে আছেন অবশ্য আরও একজন উইকেটকিপার। সিরিজে ৫ ইনিংসে ৪০৭ রান হয়ে গেছে জেমি স্মিথের। ইংল্যান্ডের তৃতীয় উইকেটকিপার হিসেবে এক সিরিজে চারশ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।