Published : 23 Apr 2026, 11:16 PM
ম্যাচ শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল নেমে এলেন মাঠে। অনেকেরই ধারণা ছিল, হয়তো পুরস্কার বিতরণী আয়োজনে থাকবেন তিনি। কিন্তু সাবেক এই অধিনায়ক মিশে গেলেন তার সাবেক সতীর্থদের সঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন তিনি। পুরস্কার বিতরণী আয়োজনে দেখা গেল বোর্ডের অ্যাডহক কমিটির তিন সদস্যকে। তবে চমকপ্রদ ব্যাপার, মেহেদী হাসান মিরাজের হাতে ট্রফি তুলে দিলেন সাবেক অধিনায়ক, সাবেক নির্বাচক, কয়েক দফায় দীর্ঘদিন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন যিনি এবং এই চট্টগ্রামেই যিনি থাকেন, সেই শফিকুল হক হীরা।
এমনিতে বছরের পর বছর ধরে বেশির ভাগ সময়ই অধিনায়কদের হাতে ট্রফি তুলে দিয়েছেন বেশির ভাগ সময়ই বিসিবি প্রধান বা বোর্ড কর্তারা। কখনও সরকারের উচ্চপদস্থরা। এবার বেশ ব্যতিক্রম দেখা গেল। এই শহরের সন্তান ও দেশের সাবেক এক অধিনায়ককে সম্মান জানানো হলো, সিরিজ জয়ের উচ্ছ্বাসে যোগ হলো বাড়ি একটু মাত্রাও।
শফিকল হকের কাছ থেকে ট্রফি নিয়ে মিরাজ সতীর্থদের কাছে গেলেন। ছবি তোলার পালা চলতে থাকল। এই নিয়ে টানা তিনটি সিরিজে দেখা গেল একই দৃশ্য। বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তির জায়গা ছিল যে সংস্করণ, সেখানেই প্রবলভাবে ভাটার টান পড়েছিল। শঙ্কায় পড়ে গিয়েছিল আগামী বিশ্বকাপে সরাসরি খেলাও। সেই শঙ্কা পুরোপুরি দূর হয়নি এখনও। ওয়ানডেতে আগের সেই সুসময় পুরোপুরি ফিরেছে, সেটিও এখনই বলা যাচ্ছে না। তবে আভাসটা মিলছে দারুণভাবেই। এই নিয়ে টানা তিনটি সিরিজ জয় ধরা দিল বলে কথা!
গত বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন মিরাজরা। এবার নিউ জিল্যান্ডের বিপক্ষেও এলো সাফল্য। সেই তৃপ্তি শোনা গেল অধিনায়ক মিরাজের কণ্ঠে।
“অবশ্যই ভালো লাগছে, টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয়, ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতেছে, এটাই অনেক বড় অর্জন।”
আগের দুটি সিরিজ জয়ের চেয়ে এবারের জয়ের ধরন আলাদা। এবার প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছেন তারা। ১১ বছর পর পিছিয়ে পড়েও সিরিজ জিততে পারল বাংলাদেশ।
মিরাজ বললেন, প্রথম ম্যাচে হারের পর বাকি সিরিজকে নকআউট হিসেবে নিয়েছেন তিনি।
“প্রথম ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি, আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই, সেখানে নকআউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ…আমি মানসিকভাবে ওভাবেই জিনিসটা নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গিয়েছি, পরের ম্যাচে যদি হেরে যাই, সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ যে, এটা যদি জিততে পারি তাহলে হয়তো আরেকটা সুযোগ হবে। আমি ওভাবেই চিন্তা করেছি।”