২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নওয়ালের ১১ ছক্কার ম্যাচে সাকিবের ১ উইকেট ও ১ রান

সিপিএলে টানা চার জয়ের পর হেরে গেল সাকিবের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 11:41 PM

Updated : 28 Sep 2022, 12:19 AM

দলের আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন জয়ের নায়ক। এবার আর তেমন কিছু করে দেখাতে পারলেন না তিনি। বল হাতে একটি উইকেট নেওয়ার পর বড় লক্ষ্য তাড়ায় আউট হলেন ১ রান করে। হেরে গেল তার দলও।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে রাকিম কর্নওয়ালের উইকেট নেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার ব্যাটিংয়ে নেমে টিকতে পারেন কেবল ২ বল।

সাকিব-হেটমায়ারদের ৮৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বারবাডোজ রয়্যালস। কর্নওয়াল ও আজম খানের বিধ্বংসী দুটি ইনিংসে তারা করে ১৯৫ রান।

৫৪ বলে ১১ ছক্কা ও ২ চারে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। তার ১১ ছক্কা সিপিএলে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৩ ছক্কার রেকর্ড আন্দ্রে রাসেলের।

জবাবে শুরু থেকে ধুঁকতে ধুঁকতে গায়ানা থমকে যায় স্রেফ ১০৮ রানে।

এই আসরে সাকিবের খেলা আগের চার ম্যাচেই জিতেছিল গায়ানা। ব্যাটিংয়ে প্রথম দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ এর স্বাদ পাওয়া সাকিব পরের দুটিতে হন ম্যাচের সেরা।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তিনি ২৫ বলে ৩৫ রানের ক্যামিওর পর বল হাতে নেন ৩ উইকেট। এরপর বারবাডোজের বিপক্ষে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

ফাইনালে ওঠার লড়াইয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে কর্নওয়াল ও কাইল মেয়ার্সের ব্যাটে ভালো সূচনা পায় বারবাডোজ। পাওয়ার প্লের ৬ ওভারে তারা কোনো উইকেট না হারিয়ে তোলে ৫৫ রান।

যদিও তৃতীয় ওভারে ৮ রানে থাকা কর্নওয়ালকে ফেরানোর একটি সুযোগ এসেছিল। কিমো পলের বল তুলে মারেন তিনি। ডিপ মিডউইকেট সাকিব বল হাতে জমালেও ভারসাম্য ধরে রাখতে পারেননি, বল ছুঁড়ে দেওয়ার আগেই বাউন্ডারি দড়ি স্পর্শ করে তার শরীর, ছক্কা।

Image

১১ ছক্কা ও ২ চারে ৫৪ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাকিম কর্নওয়াল (বাঁয়ে)।

সপ্তম ওভারে মেয়ার্সকে (২০ বলে ২৬) বোল্ড করে ৬২ রানের শুরুর জুটি ভাঙেন অফ স্পিনার জুনিয়র সিনক্লেয়ার। তিন নম্বরে নামা হ্যারি টেক্টরকে টিকতে দেননি লেগ স্পিনার ইমরান তাহির।

সাকিব নবম ওভারে বল হাতে পেয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে রান দেন স্রেফ ৩। বাঁহাতি স্পিনার পরের ওভারেও শুরুটা করেন ভালো। প্রথম চার বলে দেন কেবল ২ রান। তবে পঞ্চম বলে তাকে ছক্কা মারেন পাকিস্তানের ব্যাটসম্যান আজম। এই ওভারে আসে ৯ রান।

কর্নওয়াল এগিয়ে যান ৩৯ বলে ফিফটি করে। তাহিরের একই ওভারে তিনি মারেন দুটি ছক্কা। সপ্তদশ ওভারে আক্রমণে ফেরা সাকিবকে আরেকটি ছক্কায় তিনি পৌঁছে যান নম্বইয়ের ঘরে। পরের বলেই তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন সাকিব। আবার ছক্কার চেষ্টায় লং অনে ধরা পড়েন ডানহাতি ব্যাটসম্যান।

আজমের সঙ্গে তার জুটিতে ৯০ রান আসে ৫১ বলে।

এই ওভারে ১০ রান দিয়ে কর্নওয়ালের উইকেট নেন সাকিব। পরে আর বোলিং পাননি তিনি।

শেষ ওভারে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন আজম। পরের বলে আউট হন তিনি। ৩৫ বলে ৪ ছক্কা ও ৩ চারে করেন ৫২ রান।

শেষ ২ ওভারে বারবাডোজ তোলে ৩২ রান। তাদের ১৯ ছক্কা সিপিএলে এক ইনিংসে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ আসরে ২১ ছক্কায় রেকর্ড গড়েছিল জ্যামাইকা তালাওয়াহস।

রান তাড়ায় গায়ানার শুরুটা ভালো হয়নি মোটেও। মেয়ার্সের করা প্রথম ওভারেই বোল্ড হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ।

তিনে নেমে শেই হোপ ১৬ রান করে বোল্ড হন চতুর্থ ওভারে। বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডসের ওই ওভারে লেগ সাইডে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন সাকিব।

চন্দ্রপল হেমরাজও দ্রুত বিদায় নিলে পাওয়ার প্লের মধ্যে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় গায়ানা।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সিনক্লেয়ার ও তাহিরের ২০ রানের শেষ উইকেট জুটিতে কোনোমতে ছাড়াতে পারে একশ, অল আউট হয় ১৪ বল বাকি থাকতে। ২৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন অধিনায়ক শিমরন হেটমায়ার।

ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য পাবেন সাকিবরা। এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াহস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে গায়ানা।