Published : 18 Sep 2025, 02:00 PM
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়ায় পাকিস্তান ক্রিকেটের জয় দেখছেন রামিজ রাজা। তার ক্ষোভের অবশ্য শেষ হয়নি তাতে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধানের অভিযোগ পাইক্রফট সবসময়ই ভারতীয় দলের কাছে প্রিয় এবং এই ম্যাচ রেফারিকে নিজেদের স্বার্থে কাজে লাগায় ভারত।
এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনা গড়িয়েছে অনেক দূর। সেই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের অভিযোগ ছিল, টসের আগে অধিনায়ককে হাত না মেলানোর কথা বলেছিলেন ম্যাচ রেফারিই। তাকে না সরানোর জের ধরে এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জনও শোনা যায়।
শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। টানাপোড়েনের পর বুধবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ পিছিয়ে দেওয়া হয় এক ঘণ্টা। জরুরি বৈঠকের পর পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, পাকিস্তান ম্যাচটি খেলবে। পরে জানা যায়, পাইক্রফট ক্ষমা চাওয়ার পর খেলতে রাজি হয় পাকিস্তান।
পিসিবির জরুরি বৈঠকে ছিলেন সাবেক প্রধান রামিজ রাজাও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ব্যাটসম্যান বললেন, পাইক্রফটের ক্ষমা চাওয়ায় নিজেদের নৈতিক জয় দেখছেন তিনি। যদিও তার চাওয়া মাঠের ক্রিকেটে দলের জয়।
“এটা আমাদের জন্য একটি জয়। পরিস্থিতি খুবই সঙ্কটপূর্ণ ছিল। আবেগের জোয়ার বয়ে যাচ্ছিল। আমি খুশি যে, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। টুর্নামেন্ট বর্জন করলে আমাদের দেশের ক্রিকেটের বড় ক্ষতি হতো।”
“আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমাদের দলের উচিত পারফরম্যান্স দিয়েই সব জবাব দেওয়া। এই হতাশা-ক্ষোভের প্রতিফলন মাঠে পড়া উচিত এবং এটা আমাদেরকে আরও ভালো কিছু করতে উজ্জীবিত করা উচিত।”
মাঠের ক্রিকেটে ভারতের সামনে এখন তেমন একটা পাত্তাই পায় না পাকিস্তান। টি-টোয়েন্টিতে দুই দলের ১৪ লড়াইয়ের ১১টিই জিতেছে ভারত। ওয়ানডেতে সবশেষ ছয়টি নিষ্পত্তি হওয়া ম্যাচই জিতেছে ভারত।
মাঠে ভারত ভালো খেললেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক যা বলেছেন, তা নিয়ে আপত্তি জানালেন রামিজ। সেদিন ম্যাচের আগে-পরে হাত না মেলানোর পর পুরস্কার বিতরণী আয়োজনে গিয়ে সুরিয়াকুমার জয়টি উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে এবং গত এপ্রিলে পেহেলগাম হামলায় আক্রান্তদের ও তাদের পরিবারের পাশে থাকার কথা জানিয়ে সংহতি প্রকাশ করেন তিনি।
খেলার মাঠে এসবকে টেনে আনার কারণ দেখছেন না রামিজ।
“আমার সবচেয়ে বড় আপত্তির জায়গা, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে যা বলা হয়েছে (সুরিয়াকুমার ইয়াদাভ)। ক্ষমা চাওয়া হলে ভালো, কারণ ক্রিকেট যদি রাজনৈতিক আঙিনায় পরিণত হয়, তাহলে কিছুই অর্জন করা যাবে না। আমার স্রেফ আশা, আমাদের ক্রিকেট দল যেন ভালো করে।”
পাইক্রফটকে নিয়েও গুরুতর অভিযোগ তোলেন রামিজ। তার মতে, এই জিম্বাবুইয়ানকে নিজেদের স্বার্থে কাজে লাগায় ভারত।
“আমি সবসময়ই দেখেছি, অ্যান্ডি পাইক্রফট ভারতীয় দলের খুব প্রিয়। ভারতীয় দলের ক্ষেত্রে তাকে একরকম স্থায়ীভাবেই দেখা যায়। ভারতের ৯০টি ম্যাচে দায়িত্ব পালন করেছে সে। এটা নির্লজ্জ, একতরফা এবং এটা হওয়া উচিত নয়। এটা তো একটা নিরপেক্ষ জায়গা হওয়া উচিত। যাহোক, আশা করি সবার শুভ বোধ উদয় হবে।”
রামিজের দাবির প্রমাণ অবশ্য পরিসংখ্যানে মেলেনি। পাইক্রফট সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন দক্ষিণ আফ্রিকার, ১৩৫টি। এশিয়ার দেশ শ্রীলঙ্কার ম্যাচে ছিলেন তিনি ১৩২ বার। ভারতের ম্যাচ পরিচালনা করেছেন তিনি ১২৪টি। তবে পাকিস্তানের ম্যাচও খুব পিছিয়ে নেই (১০২টি)। এছাড়া দায়িত্বে ছিলেন তিনি ইংল্যান্ডের ১০৭টি ম্যাচে, বাংলাদেশের ৮৩ ম্যাচে ও অস্ট্রেলিয়ার ৮০ ম্যাচে।